সদরপুরে লাফিয়ে বাড়ছে ডেঙ্গুরোগী 


ফরিদপুরের সদরপুরে দিন দিন বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ১ সপ্তাহে উপজেলার বিভিন্ন ইউনিয়নে লাবনী পাল (২১) নামের অনার্সের এক ছাত্রীসহ আক্রান্ত হয়েছে প্রায় ১০ জন নারী পুরুষ।

এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ জানায়, ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য সব ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

উপজেলার ঢেউখালী ইউনিয়নে সবচেয়ে বেশী ডেঙ্গু আক্রান্তের খবর পাওয়া গেছে। উক্ত ইউনিয়নের দক্ষিণ চরডুবাইল গ্রামের রিয়াজ তালুকদার (১৬), চরব্রাহ্মন্দী গ্রামের মানু হাওলাদার (৩০), দশ হাজার গ্রামের রাফিউ (১৬), চরডুবাইল গ্রামের সামাদ শেখ (৭৫), চন্দ্রপাড়া পত্তনদারডাঙ্গী গ্রামের হাওয়া আক্তার (২১), চন্দ্রপাড়া খালাসী ডাঙ্গী গ্রামের ছত্তার বেপারী (৬০), চরচাঁদপুর মগবুল মুন্সীর ডাঙ্গী গ্রামের লাবনী পাল (২১), উক্ত ইউনিয়নের শ্যামপুরটেক গ্রামের তুফান সরকার (৬০), কৃষ্ণপুর ইউনিয়নের শৌল্ডুবী গ্রামের মোহাম্মদ মুন্সীর কন্যা সেলিনা আক্তার (২০) সহ প্রায় অর্ধশতাধিক ব্যক্তির আক্রান্তের খবর পাওয়া গেছে। আক্রান্তরা সদরপুর, ফরিদপুর ও ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

এ ব্যাপারে সদরপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ ওমর ফয়সল এর সাথে কথা হলে তিনি জানান, সদরপুরে ডেঙ্গু মশা বা মশা নিধনের সরকারি ভাবে কোন বরাদ্দ নেই। আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সভা করে বিভিন্ন এলাকায় মাইকিং করে ও ফেসবুকের মাধ্যমে প্রচারণা চালাচ্ছি।


Copyright (c) 2019-2026 bzamin24.com