দিনাজপুরের হিলিতে বেড়েছে দেশি কাঁচামরিচের দাম। একদিনের ব্যবধানে কেজিপ্রতি বেড়েছে ৩০ থেকে ৪০ টাকা। বর্তমানে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২৭০ থেকে ২৮০ টাকা দরে; যা গতকালকে বিক্রি হয়েছিল ২৪০ টাকায়। হঠাৎ করে দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছেন নিম্ন-আয়ের মানুষ।
শনিবার (১৫ জুলাই) দুপুরে হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়। গত কয়েক দিন থেকে হিলি স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি কম হওয়ায় এবং বাজারে সরবরাহ কমের কারণে দাম বৃদ্ধি পেয়েছে বলছেন খুচরা ব্যবসায়ীরা।
হিলি বাজারে কাঁচামরিচ কিনতে আসা খাবার হোটেল মালিক ইয়ামিন হোসেন বলেন, কাঁচামরিচের বাজারে আগুন লাগছে। পেঁয়াজের দাম কিছুটা কমলেও কাঁচামরিচের দাম একবারেই কমছেন না। গত সপ্তাহে ১৮০ থেকে ২০০ টাকা কেজি হিসেবে কিনছি তবে বর্তমানে ২৮০ টাকা কেজি। আমার হোটেল আছে সেখানে প্রতিদিন কাঁচামরিচ প্রয়োজন হয়। যে ভাবে দাম বাড়ছে এতে করে কাঁচামরিচ কিনা বন্ধ করে দিতে হবে। বাজার মনিটরিং এর বিষয়ে উপজেলা প্রশাসন একবারেই উদাসীন। নিয়মিত যদি বাজার মনিটরিং করা হতো তাহলে অসাধু ব্যবসায়ীরা এমন সাহস পেতো না।
হিলি বাজারের কাঁচামরিচ বিক্রেতা বিপ্লব শেখ বলেন, দেশের বাজারে দেশি কাঁচামরিচের সরবরাহ কমে যাওয়ার কারণে মোকামগুলোতে বেড়েছে কাঁচামরিচের দাম। যার ফলে হিলি বাজারে প্রতি কেজি কাঁচামরিচ ২৭০ থেকে ২৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। আমরা বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করছি।
হিলি কাস্টমসের তথ্য মতে, গত সপ্তাহে হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় ৪টি ট্রাকে ৩১ মেট্রিকটন কাঁচামরিচ আমদানি হয়েছে এই বন্দর দিয়ে।