মাদারীপুর জেলার শিবচরে মোটরসাইকেল উল্টে সুজন শিকদার (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুইজন। নিহত সুজন শিকদার উপজেলার সন্যাসীরচর এলাকার মোস্তফা শিকদারের ছেলে। সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
শিবচর হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, শিবচরের দত্তপাড়া ইউনিয়নে মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন সুজন ও জহিরুল। সার্ভিস সড়কের দৌলতপুর নামক স্থানে এলে সিদ্দিক মাতুব্বর (৫৫) নামের এক পথচারী রাস্তা পার হতে গেলে সুজন শিকদার মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।
এ সময় মোটরসাইকেল উল্টে গেলে মাথায় গুরুতর আঘাত পান চালক সুজন শিকদার। তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মোটরসাইকেল আরোহী জহিরুল শিকদার ও পথচারী সিদ্দিক মাতুব্বর চিকিৎসাধীন রয়েছেন।
শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক আব্দুল বাকী জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌছে আহতদের হাসপাতালে নিয়ে যাই। সেখানে সুজন নামের একজনের মৃত্যু হয়। অন্যরা আহত হলেও ঝুঁকিমুক্ত বলে চিকিৎসক জানিয়েছেন।