শ্বশুরের ওপর রাগ করে নিজঘরে আগুন দিলেন জামাই


খাগড়াছড়ির রামগড় উপজেলায় পারিবারিক বিরোধের জেরে স্ত্রী ও শ্বশুরের ওপর অভিমান করে নিজের ঘরে আগুন ধরিয়ে দিয়েছে মো. মিজান নামে এক যুবক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিন বছর আগে শ্বশুরবাড়ির সঙ্গে কোনো একটা বিষয় নিয়ে দ্বন্দ্ব হয় মিজানের। এরপর থেকে শ্বশরবাড়ির সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয়। এমনকি স্ত্রীকে বাবার বাড়িতে যেতে দিতেন না। শনিবার শ্বশুর নোয়াখালী থেকে মেয়ে ও নাতি-নাতনিদের দেখতে জামাইয়ের বাড়িতে আসেন। শ্বশুরকে দেখে ক্ষুব্ধ হয় মিজান। পরে ঘরে থাকা স্ত্রী ও তিন সন্তানকে বাইরে বের করে ঘরে তালা দিয়ে আগুন ধরিয়ে দেয় মিজান।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য (মেম্বার) মো. মফিজুর রহমান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পারিবারিক বিরোধ চলছে। ফায়ার সার্ভিস আসার আগেই টিনের ঘরটি সম্পূর্ণ পুড়ে গেছে।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। ঘটনার পর থেকে গৃহকর্তা মো. মিজান পলাতক রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Copyright (c) 2019-2026 bzamin24.com