গাইবান্ধায় মেধাবী ছাত্রী লিমা আক্তার হত্যাকারীদেরদ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন


গাইবান্ধার সুন্দরগঞ্জের ধর্মপুর পিএন বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর মেধাবী ছাত্রী লিমা আক্তার হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। আজ সকালে শহরের ডিবি রোডের আসাদুজ্জামান স্কুল এন্ড কলেজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন, নারী মুক্তি আন্দোলনের সদস্য সচিব নিলুফার ইয়াসমিন শিল্পী, শোভাগঞ্জ ডিগ্রী কলেজের প্রভাষক আবদুল্লাহ আল মামুন, নিহত লিমার বাবা আব্দুল লতিফ, বড় ভাই লিমন মিয়া সহ অন্যান্যরা।

গত ২৩ সেপ্টেম্বর লিমা স্থানীয় একটি কোচিং সেন্টারে যাওয়ার পথে স্থানীয় বখাটে শাকিল অপহরন করে নিয়ে যায়। পরে ১০ অক্টোবর চট্রগ্রাম ইপিজেড এলাকার শাকিলের মামা সোলায়মান আলীর ভাড়া বাসা থেকে লিমার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

এই ঘটনায় শাকিল ও তার মামাকে গ্রেপ্তার করা হলেও অন্যান্য আসামীদের এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তাই দ্রুত আসামীদের গ্রেপ্তার করে বিচারের দাবি জানান বক্তারা।


Copyright (c) 2019-2026 bzamin24.com