রোহিঙ্গাদের নেতা মুহিবুল্লাহ হত্যায় আরও ৫ জন গ্রেপ্তার


রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ডে আরও পাঁচজনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। শনিবার ভোরে উখিয়ার কয়েকটি ক্যাম্প থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- কুতুপালং ক্যাম্পের ব্লক-জি/১৪-এর সাব-মাঝি মো. খালেদ হোসেন (৩৩), ক্যাম্প-১/ইস্টের মাস্টার সৈয়দ আমিন (৩৮), ক্যাম্প-১/ইস্টের ব্লক-জি/১১-এর মো. শাকের (৩৫), ক্যাম্প-১/ইস্টের ব্লক-বি/৩-এর মোহাম্মদ কলিম (১৮) এবং ক্যাম্প-১/ইস্টের ব্লক-ডি/৫-এর মো. ইলিয়াস (২২)।

তারা রোহিঙ্গাদের কথিত সশস্ত্র সংগঠন আরাকান স্যালভেশন আর্মির (আরসা) সদস্য বলে দাবি করেছে পুলিশ।

আর্মড পুলিশ ব্যাটালিয়ন-১৪-এর অধিনায়ক পুলিশ সুপার নাঈমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটক ব্যক্তিরা রোহিঙ্গা ক্যাম্প এলাকায় আরসা সংগঠনের নাম ব্যবহার করে চাঁদাবাজি, অপহরণ, পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন ধরনের অপরাধে জড়িত। আটকের পর আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য তাদের উখিয়া থানায় পুলিশের কাছে হস্তান্তার করা হয়েছে।

গত ২৯ সেপ্টেম্বর রাতে রোহিঙ্গাদের শীষ নেতা মুহিবুল্লাহ খুনের ঘটনায় তার ভাইসহ সাধারণ রোহিঙ্গারা আরসাকে দায়ী করছে। তাদের দাবি, প্রত্যাবাসন ঠেকানোর জন্য মিয়ানমারের এজেন্ডা বাস্তবায়নে ক্যাম্পে নানা ধরনের অপরাধমূলক কার্যক্রম চালাচ্ছে।


Copyright (c) 2019-2026 bzamin24.com