নির্বাচনী প্রচারণার উচ্চ হর্ন শুনে রাস্তায় আসতেই ইউপি সদস্য প্রার্থী নজির আলীর শোডাউনে বেপরোয়া গতির মোটর সাইকেলের ধাক্কায় আরাফাত হোসেন (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার মনোহরপুরের চরলক্ষীপুর এলাকায় ঘটনাটি ঘটেছে। শিশুটির মৃত্যুতে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে বিষ্ণুদিয়ার ইউপি সদস্য প্রার্থী নজির আলী এবং তার অনুসারীদের নিয়ে এলাকায় মোটর বাইক সোডাউনে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিল। এমন সময় চরলক্ষীপুর গ্রামের চান্নু মিয়ার ছেলে শিশু আরাফাত হোসেন (৪) তাদের প্রচারণা দেখতে ঘর থেকে বেড়িয়ে আসে। কিছু বুঝে ওঠার আগেই নির্বাচনী প্রচারণার উচ্চ গতির সম্পন্ন বাইকগুলো এলোমেলো চলতে চলতে তার গাঁয়ের উপর উঠিয়ে দেন। শিশুটির শরীরের উপর দিয়ে মর্মান্তিক ভাবে উঠে যায় এবং পিষ্ট করে। শিশুটিকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী চরলক্ষীপুর গ্রামের আছলত মন্ডলের ছেলে লিয়াকত হোসেন বলেন, শিশুটি উচ্চস্বরে হর্ন শুনে দৌড়ে ঘর থেকে বেড়িয়ে রাস্তার পাশে এসে দাঁড়ায়। কিছু বুঝে উঠার আগেই শিশুটিকে বহরে থাকা বেপরোয়া গতির মোটরসাইকেল তাকে আঘাত করলে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে।
শৈলকুপা থানার ওসি জানান, মৃত শিশুটির পরিবার ইউপি সদস্য প্রার্থীর বিরুদ্ধে মামলা করেছে। তাদের আটকের কার্যক্রম শুরু হয়েছে। আমরা বিষয়টি আরও তদন্ত করে এবং তথ্য সংগ্রহ করে বিস্তারিত জানাব।