সালথায় ট্রলির চাপায় মোটরসাইকেল আরোহী নিহত


ফরিদপুরের সালথায় ইট ভর্তি ট্রলির চাপায় নাজমুল হোসেন (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের জয়কাইল বাজারের পাশে এ দূর্ঘটনা ঘটে। নিহত নাজমুল উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বড় বাহিরদিয়া গ্রামের মৃত শরিফুল ইসলাম মাতুব্বারের ছেলে। সে দুই কন্যা সন্তানের বাবা।

নিহতের স্বজনরা ও স্থানীয়রা জানান, নাজমুল হোসেন সকালে গ্রামের সাইফুল নামে একজনকে মোটরসাইকেলে করে ভাটদি বাজারে নামায় দিয়ে ফেরার পথে জয়কাইল বাজারের উত্তর পাশে আনন্দ সিকদারের বাড়ির সামনে আসলে পিছন থেকে আসা ইট ভর্তি ট্রলি চাপা দেয়। এতে নাজমুল ঘটনাস্থলেই মারা যায়। এসময় দুটি ট্রলিকে আটক করে এলাকাবাসী।

ট্রলির চাপায় নিহতের বিষয়টি নিশ্চিত করে সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ আসিকুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।


Copyright (c) 2019-2026 bzamin24.com