ফরিদপুরের ভাঙ্গায় ইয়াবা ও ফেন্সিডিলসহ তোহিদ হাওলাদার (২৩) নামের এক বিকাশ প্রতারক চক্রের সদস্যকে আটক করেছে র্যাব-৮। আজ রবিবার বিকালে উপজেলার মিয়াপাড়া গ্রাম এলাকা থেকে তাকে আটক করে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে ভাঙ্গা থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর প্রক্রিয়া চলমান আছে।
ফরিদপুর র্যাব-৮ জানায়, র্যাব-৮ সিপিসি-২ ফরিদপুর র্যাব ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, জেলার ভাঙ্গা থানাধীন মিয়াপাড়া গ্রাম এলাকায় কিছু ব্যক্তি বিকাশ প্রতারণার মাধ্যমে মানুষের নিকট হতে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নিচ্ছে। এ বিষয়ে ফরিদপুর র্যাব ক্যাম্প গোয়েন্দা তথ্য সংগ্রহ ও ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য গভীর অনুসন্ধান করে।
ঘটনা সত্যতা সম্পর্কে তথ্য প্রাপ্তির পর র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল আজ রবিবার বিকালে ভাঙ্গা থানাধীন মিয়াপাড়া গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে বিকাশ প্রতারক চক্রের সক্রিয় সদস্য মোঃ তোহিদ হাওলাদার(২৩), পিতা-মৃত সামসু হাওলাদার, সাং-মিয়াপাড়া থানা- ভাঙ্গা, জেলা-ফরিদপুরকে আটক করেন।
এ সময় আটককৃত ব্যক্তির হেফাজত হতে ১১(এগার) পিস ইয়াবা ট্যাবলেট, ৩ বোতল ফেন্সিডিল এবং বিকাশ প্রতারনার কাজে ব্যবহৃত ৬ (ছয়) টি মোবাইল ফোনসহ ৭ (সাত) টি সীমকার্ড জব্দ করা হয় । প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি বিকাশ প্রতারনার মাধ্যমে জনসাধারনের নিকট হতে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নিয়েছে বলে স্বীকার করে।
ঘটনার বিবরনে জানা যায়, বিকাশ প্রতারক চক্রের সদস্য বিভিন্ন দুর্নীতি পরায়ণ মোবাইল সীম বিক্রেতার সাথে পরস্পর যোগসাজস করে ভূয়া নামে সীম কার্ড রেজিস্ট্রেশন ও উক্ত সীমকার্ড ব্যবহার করে অসাধু ডিএসআর(বিকাশ এ্যাকাউন্ট খোলার জন্য বিকাশ কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগকৃত এ্জেন্ট) গণের মাধ্যমে ভূয়া বিকাশ এ্যাকাউন্ট খোলে।
প্রতারক চক্রের সদস্যরা দুর্নীতিপরায়ণ ডিএসআর গণের নিকট থেকে অর্থের বিনিময়ে বিকাশ এ্জেন্টদের লেনদেনের তথ্য সংগ্রহ করে ঐসব ভূয়া রেজিস্ট্রেশনকৃত মোবাইল সীমকার্ড ব্যবহার করে দেশের বিভিন্ন প্রান্তের সহজ সরল সাধারণ জনগনের নিকট নিজেকে বিকাশ হেড অফিসের কর্মকর্তা পরিচয় দিয়ে ফোন করে কৌশলে তাদের বিকাশ পিন কোড জেনে নেয় এবং স্মার্ট ফোনে বিকাশ এ্যাপস্ ব্যবহার করে উক্ত সাধারণ লোকজনের বিকাশ এ্যাকাউন্ট হতে প্রতারনার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়।
আটককৃত ব্যক্তির বিরুদ্ধে ফরিদপুর জেলার ভাংগা থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর প্রক্রিয়া চলমান আছে।