সিংড়ায় কৃষককে গাছে বেঁধে পেটালেন ইউপি সদস্য


নাটোরের সিংড়ায় দুইজন কৃষককে গাছে বেঁধে বেধরক পেটালেন ইউপি সদস্য মকলেছ আলী। ঘটনাটি ঘটেছে উপজেলার ইটালি ইউনিয়নের শালমারা গ্রামে।

জানা যায়, রোববার সকাল সাড়ে ৮টার দিকে শালমারা- বাঁশবাড়িয়া মাঠে বাঁশবাড়িয়া গ্রামের কৃষক শাহাদত ও বেলায়েতের গরু ঐ ইউপি সদস্যের আমন ধানের জমিতে প্রবেশ করে। এ সময় ইউপি সদস্য ও তাঁর লোকজন ১১টি গরু বেঁধে রাখে।

খবর পেয়ে ঘটনাস্থলে ঐ দুজন কৃষক উপস্থিত হলে ইউপি সদস্য মকলেছ আলী কৃষক বেলায়েতকে গাছের সাথে বেঁধে রাখে এবং অপর কৃষক শাহাদতকে লাঠি দিয়ে বেধরক পেটায়। বিষয়টি জানাজানি হলে দুজনকে ছেড়ে দিতে বাধ্য হয়।

অভিযুক্ত ইউপি সদস্য মকলেছ আলী বলেন, তাদের গরু আমার জমি নষ্ট করায় তাদেরকে গ্রামে ধরা হয়েছিল। দুয়েকটি লাঠি দিয়ে মারার কথা স্বীকার করেন তিনি।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বলেন, ঘটনা শোনার পরে পুলিশ পাঠানো হয়েছে, দোষীদের আইনের আওতায় আনা হবে।


Copyright (c) 2019-2026 bzamin24.com