নেত্রকোনায় প্রবাসীর স্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার


নেত্রকোনা সদর উপজেলার মদনপুর কাংসা গুচ্ছ গ্রাম থেকে মালয়েশিয়া প্রবাসী রিপন মিয়ার স্ত্রী শরীফা আক্তারের (৩৫) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শরীফার নিজ ঘরের বিছানা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নেত্রকোনা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, রাতে মা ও মেয়ে সাদিয়া আক্তার একসাথে ঘুমিয়েছিলো। সকালে মেয়েটি মায়ের গলাকাটা অবস্থায় দেখতে পেয়ে চিৎকার চেঁচামেচি করলে প্রতিবেশীরা এগিয়ে আসে। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে স্থানীয় পুলিশ ময়মনসিংহের সিআইডির একটি চৌকস দল ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল রেকর্ড করে।

এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করেছেন নেত্রকোনা অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের মেয়ে ও চাচিকে পুলিশ হেফাজতে নিয়েছে। এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্বজন ও প্রতিবেশীরা সুষ্ঠু বিচার দাবি করেন।


Copyright (c) 2019-2026 bzamin24.com