সিলেটের কোম্পানীগঞ্জে বজ্রপাতে দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৭ জুলাই) সকাল সাড়ে ৯টায় উপজেলার দক্ষিণ রণিখাই ইউনিয়নের ফুতাধরি হাওরে এ ঘটনা ঘটে।
বজ্রপাতে মারা যাওয়া ২ জন পূর্ণাছগাম গ্রামের বাসিন্দা। তারা হলেন- অনন্ত বিশ্বাসের ছেলে প্রাণেশ বিশ্বাস (২৬) ও সতি বিশ্বাসের ছেলে দিগেস বিশ্বাস (২১)।
স্থানীয়রা জানায়, প্রাণেশ বিশ্বাস ও দিগেস বিশ্বাস সকালে দক্ষিণ রণিখাই ইউনিয়নের ফুতাধরি হাওরে মাছ ধরতে যান। এ সময় আকস্মিক ঝড় ও বজ্রপাত শুরু হলে বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের। বজ্রপাতের পর গ্রামের অন্যরা হাওরে গেলে তাদের মৃত দেখতে পেয়ে পরিবার ও গ্রামবাসীকে খবর দেয়। গ্রামের লোকজন তাদের সেখান থেকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন। পরে পুলিশ খবর পেয়ে মৃতদের বাড়িতে আসে।
কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. মুজিবুর রহমান জানান, বজ্রপাতে ২ জনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। লাশ পোস্টমর্টেম করা হবে কিনা তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ব্যবস্থা গ্রহণ করা হবে।