বাবার সামনে ট্রলি চাপায় পিষ্ট হয়ে শিশু নিহত


বাবার সামনে মাদারীপুরের শিবচরে একটি ইট বোঝাই ট্রলি কেড়ে নিল ৪ বছরের শিশু কন্যা সানজিদা আক্তারের জীবন। প্রিয় সন্তানকে হারিয়ে পরিবারটিতে চলছে শোকের মাতম। মা রিনা বেগম কেঁদে কেঁদে বারবার মূর্ছা যাচ্ছেন। আর স্কুল শিক্ষক বাবা সরোয়ার হোসেন শোকে পাথর হয়ে গেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার মাদবরচর ইউনিয়নের সাড়ে এগার রশি লপ্তিকান্দি গ্রামের স্কুল শিক্ষক সরোয়ার হোসেন মঙ্গলবার সকালে তার শিশু পুত্রকে এক হাতে কাঁধে নিয়ে অন্য হাতে ৪ বছরের শিশু কন্যা সানজিদা আক্তারের হাত ধরে একই এলাকায় শশুর বাড়ি থেকে পায়ে হেঁটে নিজ বাড়িতে ফিরছিল।

তারা নিজেদের বাড়ির সামনে আসলে বিপরীত দিক থেকে আসা একটি ইট বোঝাই ট্রলি নিয়ন্ত্রন হারিয়ে শিশু সানজিদাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সানজিদার মৃত্যু হয়। প্রিয় সন্তানকে হারিয়ে পরিবারে চলছে শোকের মাতম। স্বজনদের কান্নায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়রা ঘাতক ট্রলিটি আটক করলেও চালক পালিয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নিহত সানজিদার বাবা সরোয়ার হোসেন বলেন, আমি ছোট ছেলেকে কাঁধে নিয়ে এক হাতে মেয়ে সানজিদার হাত ধরে বাড়ি ফিরছিলাম। এসময় আমাদের সামনে থেকে আসা ইট বোঝাই একটি ট্রলি কোন কিছু বুঝে উঠার আগেই আমার মেয়েকে পিষ্ট করে। এতে আমার মেয়ের মাথা গুড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অনেক স্বপ্ন ছিল সানজিদাকে মাদ্রাসায় ভর্তি করে মানুষের মত মানুষ হিসেবে তৈরি করবো। আমার সেই স্বপ্ন ভেঙ্গে গেল।

শিবচর থানার অফিসার ইনচার্জ মো: মিরাজুল হোসেন বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘাতক ট্রলিটি জব্দ করা হয়েছে।


Copyright (c) 2019-2026 bzamin24.com