মাদারীপুরে রং লেনে বাস চাপায় পথচারী নিহতের ঘটনায় বাসে অগ্নিসংযোগ


মাদারীপুর শহরের টু লেন সড়কের রং সাইড দিয়ে একটি যাত্রীবাহী বাস চাপায় ফারুক মুন্সী (৩৯) নামে এক পথচারী নিহত হওয়ার ঘটনায় স্থানীয় বিক্ষুব্ধরা বাসটিতে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দিয়েছে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে।

সোমবার বিকেলে মাদারীপুর জেলা ও দায়রা আদালত কার্যালয়ের সামনের সড়কে দূর্ঘটনাটি ঘটে। নিহত ফারুক মুন্সী রাজৈর উপজেলার দক্ষিণ বিদ্যানন্দী গ্রামের জাফর মুন্সীর ছেলে বলে জানিয়েছে পুলিশ।

মাদারীপুর সদর মডেল থানার ওসি মোহম্মদ কামরুল ইসলাম মিয়া বলেন, সোমবার বিকেলে মাদারীপুর শহর থেকে কালকিনি উপজেলার ভুরঘাটা বাসস্ট্যান্ডের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া তুরান মটরস নামের একটি যাত্রীবাহী লোকাল পরিবহন জেলা ও দায়রা জজ আদালতের সামনে দিয়ে শহরের টু লেন বিশিষ্ট শেখ হাসিনা আঞ্চলিক মহাসড়কের রং সাইড দিয়ে যাওয়ার সময় ফারুক মুন্সী নামের এক পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই ওই ব্যক্তি নিহত হয়।

পরে স্থানীয় বিক্ষুব্ধ জনগণ বাসটিতে তাৎক্ষনিক আগুন লাগিয়ে দেয়। এতে বাসটির ভেতরের ও বাইরে অনেক অংশ পুড়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে এবং সড়কটিতে যান চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়।

মাদারীপুর জেলা বাস ও মিনি বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মফিজ হাওলাদার বলেন, আজ মাদারীপুর পৌর নির্বাচনের বিভিন্ন কাউন্সিলসর প্রার্থীরা সমর্থকদের নিয়ে নির্বাচন অফিসে কাগজপত্র জমা দিতে আসলে বাস চালক যাত্রীদের কথা ভেবে রং সাইড দিয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করলে এই ঘটনাটি ঘটে। আমরা বিষয়টি সঠিক তদন্ত করে নিরপেক্ষ ব্যবস্থা গ্রহণের দাবী করছি।


Copyright (c) 2019-2026 bzamin24.com