পৌরসভা নির্বাচনে সুন্দরগঞ্জে মেয়র প্রার্থীর জরিমানা


গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভা নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী আব্দুর রশিদ সরকার ডাবলুর নির্বাচনী কর্মীসভা জনসভায় রুপ নেয়ায় আচরণবিধি ভঙ্গের অভিযোগে দশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১২ জানুয়ারি) বিকালে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাকিল আহাম্মেদ এ জরিমানা আদায় করেন।

জানা গেছে, উপজেলার ডি ডাব্লিউ সরকারি কলেজ মাঠে পৌরসভা নির্বাচন উপলক্ষে কর্মীসভার আয়োজন করে জাতীয় পার্টি। সমাবেশ শুরু হলে শতশত নারী-পুরুষ ভোটার ও নেতাকর্মীদের উপস্থিতিতে কলেজ মাঠ জনসভায় রূপ নেয়। খবর পেয়ে সমাবেশে হাজির হন রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল-মারুফ। এতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে প্রার্থীর দশ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাচনী কর্মীসভায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটি, রংপুর বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের বেশকিছু নেতাকর্মী উপস্থিত ছিলেন বলে জানা গেছে।জরিমানার বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাকিল আহাম্মেদ বলেন, প্রার্থীর নির্বাচনী কর্মীসভা জনসভায় রূপ নেয়ায় এ জরিমানা করা হয়েছে। জাপা প্রার্থীর এটাই প্রথম আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ বলেও জানান তিনি।

উল্লেখ্য, দ্বিতীয় দফায় আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠেয় সুন্দরগঞ্জ পৌরসভা নির্বাচনে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। এতে মেয়র পদে ৭ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৩ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৯ ভোট কেন্দ্রের ৪৪ বুথে ১৪ হাজার ৭১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।


Copyright (c) 2019-2026 bzamin24.com