ট্রাকের সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, সহোদর ভাইসহ নিহত ৩


শুক্রবার (১৮ ডিসেম্বর) পাবনার ভাঙ্গুড়া উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের ফরিদপুর-ভেড়ামারা সড়কে একটি ট্রাকের সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে ১ জন।

নিহতরা হলো উপজেলার চরভাঙ্গুড়া পুর্বপাড়ার আব্দুর রশিদের ছেলে ইমরান হোসেন(১৮) ও ইমন হোসেন(১২) এবং শফিউর রহমানের মেয়ে ছুম্মা খাতুন(১২)। নূপুর খাতুন (২৮) নামের আরো একজন নারী গুরুতর আহত হয়েছে। তাকে উদ্ধার করে দুপুরে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সুন্নতে খাৎনার দাওয়াতে একই পরিবারের ৫ ব্যক্তি অটোরিকশা যোগে উপজেলার হাটগ্রামে যাওয়ার পথে ভেড়ামাড়া টিকটিকি মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে অটোটি দুমড়ে-মুচড়ে যায়। ফলে ঘটনাস্থলেই তিন যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়।

ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মুহম্মদ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকটি আটক করা হয়েছে (মেট্রো- ট ২০৪১২৮)। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে।


Copyright (c) 2019-2026 bzamin24.com