নিখোঁজ যুবকের কঙ্কাল উদ্ধারের ছয় ঘণ্টার মাথায় ঘটনার প্রধান অভিযুক্ত শিপন ও তার স্ত্রীকে আটক করেছে পুলিশ। চুয়াডাঙ্গার আলমডাঙ্গার খাদিমপুর এলাকা থেকে শুক্রবার (৪ ডিসেম্বর) রাতে তাদের আটক করা হয়। আলমডাঙ্গা থানার পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে।
এ ঘটনায় আটককৃতরা হলেন, আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে শিপন (২২) ও তার স্ত্রী ইভা খাতুন।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, শুক্রবার সকালে গ্রামবাসী মাছ ধরার সময় পুকুরের কচুরিপানার নিচে কঙ্কাল দেখতে পায়। এ খবর গ্রামে ছড়িয়ে পড়লে শিপন ও তার স্ত্রী ইভা গাঁ ঢাকা দেয়।
পুলিশ ঘটনার পর থেকে প্রধান অভিযুক্ত শিপনকে আটকের জন্য অভিযান শুরু করে। রাতে খাদিমপুর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে দুইজনকে আটক করে থানায় নেয়।
তিনি আরও বলেন, আটক দুইজনকে জিজ্ঞাসাবাদ চলছে। দ্রুতই হত্যার রহস্য উদঘাটন হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। কঙ্কাল আলমডাঙ্গা থানায় রাখা আছে।
উল্লেখ্য, গেল ১০ অক্টোবর নিখোঁজ হয় আলমডাঙ্গা খাদিমপুর গ্রামের আলমগীর হোসেন (২২)। নিখোঁজের ৫৬ দিন পর তার কঙ্কাল উদ্ধার হয় গ্রামের একটি পুকুর থেকে। সেখানে প্যান্ট দেখে তার বাবা ও ভাই শনাক্ত করেন।