গাজীপুরে ঝুট-তুলার গুদামে অগ্নিকাণ্ড


গাজীপুরের টঙ্গী মিলগেট এলাকায় ঝুট-তুলার একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনার দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

গতকাল রবিবার (২৯ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

টঙ্গী ফায়ার সার্ভিস সূত্র জানায়, মিলগেট এলাকায় তিনতলা ভবনের নিচ তলায় কামাল হোসেনের ঝুট ও তুলার একটি গুদামে আগুন লাগে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এছাড়া ভোরে দত্তপাড়া এলাকায় লেপ-তোষকের একটি দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান ফায়ার সার্ভিসের কর্মীরা।

এদিকে, গাজীপুর সিটি করপোরেশনের ভুরুলিয়া এলাকায় আজ সোমবার (৩০ নভেম্বর) ভোরে একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান। আগুনে ওই বাড়ির টিনশেডের তিনটি কক্ষ পুড়ে গেছে।

এর আগে গতরাত ১টার দিকে জোড়পুকুর এলাকায় একটি বাজারে আগুন লাগে। আগুনে মাছ, মুরগি ও সবজির পাঁচটি দোকান পুড়ে গেছে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান। এতে কোনো হতাহতের কোনো ঘটনা ঘটেনি।


Copyright (c) 2019-2026 bzamin24.com