রাজশাহী দুর্গাপুরে পারিবারিক কলহের জের ধরে শারমিন খাতুন (২২) নামের এক গৃহবধূ বিষপান করে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বখতিয়ারপুর হাজিপাড়া গ্রামে। নিহত ওই গৃহবধূ দুই সন্তানের জননী। সে ওই গ্রামের রাসেলের স্ত্রী।
স্থানীয়রা জানান, চট্রগ্রামে একটি জুতার কারখানায় চাকরি করতেন রাসেল। ওই কারখানায় কর্মরত শারমিন নামের এক মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তার। পরে উভয়ের সম্মতিক্রমে বিয়ে করেন তারা। বিয়ের চার বছরে তাদের পরিবারে এক-এক করে দুটি সন্তান জন্মগ্রহন করে। তারা গত ৪ মাস আগে চাকরি ছেড়ে রাসেল তার স্ত্রী ও সন্তান নিয়ে নিজ গ্রাম বখতিয়ারপুর হাজিপাড়া ফেরেন। এর পরে সেখানেই বসবাস করে আসছিলেন। সাম্প্রতিক সময়ে তার স্ত্রীর সাথে পরিবারের সদস্যদের মধ্যে কলহ দেখা দেয়। এরই জের ধরে গত শুক্রবার রাতে স্বামী রাসেল তার স্ত্রীকে মারধর করে। পরে সেই রাগে গৃহবধূ শারমিন শনিবার ভোরে সবার অজান্তে বিষপান করে। পরে তার পরিবারের সদস্যরা বিষপান অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দুর্গাপুর থানায় ওসি হাশমত আলী জানান, ঘটনাটি শুনেছি। যেহেতু রাজশাহীতে মারা গেছে। তাই সংশ্লিষ্ট থানা পুলিশ তাদের মতো ব্যবস্থা গ্রহণ করবে।