সদরপুরে মুক্তিযোদ্ধা পরিবারের সম্পত্তি জোরপূর্বক  দখলের প্রতিবাদে মানববন্ধন


ফরিদপুর জেলার সদরপুরে বীর মুক্তিযোদ্ধা পরিবারের সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার আকোটের চর ইউনিয়নের মনিকোঠা বাজারে মোঃ জাহাঙ্গীর আলম নামক সাবেক এক ইউপি সদস্য কর্তৃক এ দখলের ঘটনায় ব্যাপক ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে এলাকার সকল মুক্তিযোদ্ধা ও নিরীহ সাধারণ মানুষের মধ্যে। তারা ঐ সম্পত্তি পূণরুদ্ধার এবং অভিযুক্তের বিচারের দাবীতে ২ সেপ্টেম্বর-২০২০ বুধবার বিকালে স্থানীয় মনিকোঠা বাজারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচী পালন করেছেন।

জানা যায়, উক্ত মনিকোঠা বাজার সংলগ্ন কৃষ্ণমঙ্গলের ডাঙ্গী মৌজার ৩৮ নং দাগের প্রায় ১ শতাংশ জমির ক্রয়সূত্রে মালিক হন স্থানীয় বীর মুক্তিযোদ্ধা মোঃ আজিজ বরকন্তাজের মেয়ে আসমা বেগম ও তার স্বামী মোঃ শফিক সিকদার। প্রায় ২০ বছর আগে তারা মোঃ নুরুল ইসলাম নামক এক ব্যক্তির কাছ থেকে জায়গাটুকু ক্রয় করে সেখানে একটি একতলা ভবণ নির্মাণ করেন। এরপর ভবণটি ভাড়া নিয়ে সেখানে বিভিন্ন মেয়াদে ব্যবসা পরিচালনা করেন এলাকার একাধীক ব্যক্তি। এরই ধারাহিকতায় সর্বশেষ ভাড়াটিয়া ছিলেন স্থানীয় হানিফার ডাঙ্গী এলাকার সাবেক ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর আলম। সেখানে তিনি চাউল, কুড়া, ভূষির ব্যবসা করছিলেন। প্রায় ১০/১২ বছর আগে তাকে দোকানটি ভাড়া দিয়ে বিদেশ চলে যান মালিক শফিক সিকদার। ইতোমধ্যে পেরিফেরীর মাধ্যমে জায়গাটি মনিকোঠা বাজারের আওতাভূক্ত হয়ে সরকারের খাস খতিয়ানে চলে যায়।

২০১৭ সালে শফিক সিকদার দেশে ফিরে জাহাঙ্গীরকে দোকান ছাড়তে বলেন। কিন্তু তিনি দোকান না ছেড়ে উল্টো নিজেই মালিক সেজে বসেন। শুরু হয় দ্বন্দ্ব-কলহ। এক পর্যায়ে শফিক এলাকাবাসীর সহযোগীতায় দোকানে তালা ঝুলিয়ে দেন। কিন্তু পরবর্তীতে সেই তালা ভেঙ্গে পাল্টা নতুন তালা ঝুলিয়ে পুনরায় ভবণের দখল নিজের কব্জায় নেন দখলদার জাহাঙ্গীর আলম। এখন পর্যন্ত প্রতিষ্ঠানটি তার অপদখলে রয়েছে বলেও একাধিক সূত্রে জানা গেছে। এদিকে মুক্তিযোদ্ধা পরিবারের সম্পত্তি জবর দখলের ঘটনায় এলাকার সকল মুক্তিযোদ্ধা ও সাধারণ নাগরিকদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। তারা বুধবার বিকেলে মনিকোঠা বাজারে ভবণটির সামনে বিশাল মানববন্ধন ও মিছিল করে প্রতিষ্ঠানটি দখলমুক্ত করার ও অভিযুক্তের বিচার দাবী করেন।

কয়েকশত জনতার এ কর্মসূচীতে ৫ বীর মুক্তিযোদ্ধা মোঃ আরজান আলী, আঃ আজিজ বরকন্তাজ, মোঃ ইদ্রিস আলী, মতিউর রহমান, মোঃ ফকরুজ্জামান সহ কাশেম সিকদার, হারুনুর রশিদ ও আঃ মান্নান প্রমুখ বক্তব্য রাখেন।

জানতে চাইলে অভিযুক্ত জাহাঙ্গীর আলম বলেন, জায়গাটি আমার রেকর্ডিয় সম্পত্তি। বরং আমার জায়গাতে তারা অবৈধভাবে ঘর তুলেছে।


Copyright (c) 2019-2026 bzamin24.com