করোনায় শিবচরে হাইওয়ে পুলিশের ২ সদস্য আক্রান্ত


করোনায় শিবচরে নতুন করে হাইওয়ে পুলিশের ২ সদস্য আক্রান্ত হয়েছে। আক্রান্তদের বাড়ি লকডাউন ও আইসোলেশনের প্রস্তুতি চলছে বলে উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছেন। এনিয়ে শিবচরে ১শ ৩৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হলো।

উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, ঢাকায় পাঠানো গত ৪ জুলাইয়ের নমুনা থেকে মঙ্গলবার ১৫ জনের রিপোর্ট উপজেলা স্বাস্থ্য বিভাগের হাতে আসে। ১৫ জনের রিপোর্টে নতুন করে ২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। আক্রান্ত ২ জনই হাইওয়ে পুলিশের সদস্য। আক্রান্তদের বাড়ি লকডাউন করে হোম আইসোলেশন নিশ্চিত করার প্রস্তুতি চলছে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে। এনিয়ে এ পর্যন্ত শিবচরে ১ শ ৩৮ জন করোনায় আক্রান্ত হলো। এর মধ্যে ৭২ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন। আর ৬ জনের মৃত্যু হয়েছে (এর মধ্যে ২ জন ঢাকায় বসবাস করা অবস্থায় আক্রান্ত হয়ে মারা যায় ,গ্রামের বাড়ি শিবচরে তাদের দাফন সম্পন্ন করা হয়)।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডাঃ শশাঙ্ক চন্দ্র ঘোষ বলেন, নতুন করে করোনায় ২ জন আক্রান্ত হয়েছে। আক্রান্তদের হোম আইসোলেশনে রেখে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। আমাদের প্রাতিষ্ঠানিক আইসোলেশন প্রস্তুত রয়েছে। প্রয়োজন হলে সেখানেও রোগীদের পাঠানোর ব্যবস্থা করা হবে। আর সংক্রমন এড়াতে সবাইকে অবশ্যই স্বাস্থ্য বিধি মেনে বাড়িতে থাকতে হবে।

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন


Copyright (c) 2019-2026 bzamin24.com