সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যমুনায় পানি বৃদ্ধির ফলে প্রতিদিনই জেলার নিম্নাঞ্চলসহ গ্রাম-জনপদ পানিতে প্লাবিত হচ্ছে। তলিয়ে যাচ্ছে চরাঞ্চলের ফসলী জমিসহ বিস্তীর্ণ গোচারণ ভূমি।
পাহাড়ি ঢল এবং বৃষ্টিপাতের কারণে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বেড়ে বিপদসীমার ৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।এদিকে যমুনার পাশাপাশি অভ্যন্তরীণ নদ-নদীর পানিও বাড়ছে। নদী তীরবর্তী ও চরাঞ্চলের জমিতে চাষ করা ভুট্টা, বাদাম, তিল, কাউন ও সবজি ক্ষেত তলিয়ে যাচ্ছে।
সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হাবিবুল ইসলাম প্রতিনিধিকে জানান, জেলার পাঁচটি উপজেলার অন্তত ৩৫ ইউনিয়নের নিম্নাঞ্চল পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে। ইতিমধ্যেই প্রায় এক হাজার আটশ হেক্টর জমির চাষ করা সবজিসহ নানা ফসল পানিতে নিমজ্জিত হয়েছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, আজ রোববার (২৮ জুন) সকাল ৬ টায় সিরাজগঞ্জ পয়েন্টে যমুনার পানি ১৩ দশমিক ৪১ সেন্টিমিটার রেকর্ড করা হয়েছে যা বিপদসীমা (১৩ দশমিক ৩৫ ) অতিক্রম করে ৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
গত ২৪ ঘন্টায় পানি বৃদ্ধি পেয়েছে ৩৫ সেন্টিমিটার। যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকবে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
বিষয়টি বাংলাদেশ জমিনকে নিশ্চিত করেছেন পানি উন্নয়ন বোর্ড, সিরাজগঞ্জের উপ-বিভাগীয় প্রকৌশলী একেএম রফিকুল ইসলাম।
বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন