ফরিদপুরে করোনা সংক্রমিত হয়ে একজন এবং করোনা উপসর্গ নিয়ে অন্যজনের মৃত্যু হয়েছে। বুধবার রাতে ফরিদপুরের করোনা ডেডিকেটেড হাসপাতাল এই দুজনের মৃত্যু হয়।
কোভিড১৯এ আক্রান্ত হয়ে মারা যাওয়া ওই ব্যক্তির বয়স ৪০ বছর। তিনি ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নের বাসিন্দা। আর করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তির বয়স ৪৫ বছর। তাঁর বাড়ি মাগুরা জেলার মহম্মদপুর উপজেলায়।
অম্বিকাপুর ইউনিয়ন পরিষদ সদস্য কামরুজ্জামান বলেন, ১৩ দিন ধরে ওই ব্যক্তি জ্বর, শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। গত শনিবার তাঁকে ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার তাঁর করোনা শনাক্ত হয়েছে। আর বুধবার রাতে তিনি মারা গেছেন।
একই ওয়ার্ডে জ্বর, শ্বাসকষ্ট নিয়ে মারা গেছেন ৪৫ বছর বয়সী অপর ব্যক্তি। মৃত্যুর পর করোনা পরীক্ষার জন্য তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছে।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, মারা যাওয়া ওই কোভিড রোগীর লাশ স্বাস্থ্যবিধি মেনে দাফনের উদ্যোগ নেওয়া হয়েছে। আর করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে।
বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন