গোপালগঞ্জে শিক্ষক বেতনের টাকায় অসহায়দের ঈদ উপহার


গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারি শিক্ষক মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করেছেন। বিশ্বব্যাপী যখন করোনা মহামারীতে আক্রান্ত ঠিক সেই সময়ে নিজের বেতনের একমাসের সম্পূর্ণ টাকা দান করে দিলেন অসহায় দুঃস্থদের মাঝে।

তিনি ৩১নং পশ্চিম মানিকহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক রাকিবুর রহমান রানা। আজ মঙ্গলবার সকালে তার নিজ গ্রাম পুখরিয়া এলাকায় প্রায় ৮০টি অসচ্ছল পরিবারের মাঝে এই খাবার সামগ্রী বিতরণ করেন।

তার মধ্যে রয়েছে ১ কেজি আটা, ১ কেজি চিনি, ১কেজি সয়াবিন তেল, আধাকেজি সেমাই ও নগদ ১শ টাকা। এছাড়াও সাভাবিক সময়ে গরিব অসহায় ছাত্রছাত্রীদের কলম, খাতা কিনতে সহযোগিতা করেন এই শিক্ষক। এছাড়া নিজের সন্তানের মতো অনেককেই পকেটের টাকা দিয়ে টিফিন করান।

এ বিষয়ে রাকিবুর রহমান রানা বাংলাদেশ জমিনকে বলেন, এই মহামারী দুর্যোগে আমরা যারা চাকুরি করি তারাতো ঘরে বসেই বেতন পাচ্ছি। যারা দিনমজুর তারা তো বাইরে বের হতে পারছেন না কাজও করতে পারছেন না। তাই করোনাকালে নিজের এই ক্ষুদ্র প্রয়াস। সাধ ছিল অনেক কিছু করার কিন্তু সাধ্য নেই। তাই এই সামান্য কিছু ঈদ উপহার হিসেবে মানুষকে দিতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি।


Copyright (c) 2019-2026 bzamin24.com