শিবচরে গোপনে দাফনকৃত ঢাকার মাংস বিক্রেতার পরিবারের তিন সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে শিবচর উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ জনে। মাদারীপুর সিভিল সার্জন অফিস সূত্র জানায়, বুধবার জেলার ১০১টি নমুনার ফলাফল এসেছে। এতে দেখা যায়, নতুন করে তিন জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এদের মধ্যে দুই নারী ও একজন পুরুষ। এরা সবাই শিবচর উপজেলার এবং একই পরিবারের সদস্য। শিবচর উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ বাংলাদেশ জমিনকে জানায়, এই পরিবারের এক সদস্য মাংস বিক্রেতা ঢাকায় মারা গেলে লাশ গোপনে শিবচরের উমেদপুরের বাড়িতে দাফন করা হয়।
গত বৃহস্পতিবার ওই ব্যক্তির করোনা শনাক্তের খবর জানতে পেরে উপজেলা প্রশাসন ওই বাড়িসহ ২৫টি বাড়ি বিশোষায়িত লকডাউন ঘোষণা করে এবং পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠায়।
আজ বুধবার ওই পরিবারের তিন সদস্যের কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট আসে। এ নিয়ে এ পর্যন্ত শিবচরে আক্রান্ত রোগীর সংখ্যা ২৪। এদের মধ্যে দুইজন মারা গেছে, ১৬ জন সুস্থ ও বাকিরা আইসোলেশনে চিকিৎসাধীন আছে।
মাদারীপুর সিভিল সার্জন ডাঃ মো. শফিকুল ইসলাম বাংলাদেশ জমিনকে জানান, আক্রান্ত তিন জনই শিবচর উপজেলার একই পরিবারের সদস্য। এদেরকে আইসোলেশনে নেয়ার ব্যবস্থা করা হচ্ছে।
বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন