ফরিদপুরে আত্মসমর্পণকারী চরমপন্থীদের প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান প্রদান


ফরিদপুরে আত্মসমর্পণকারী ২৩ জন চরমপন্থীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৩০এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে সদর উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রত্যেককে অনুদানের ৫০ হাজার টাকার চেক তুলে দেন ফরিদপুর সদর আসনের এমপি, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, এনএসআই এর যুগ্ন পরিচালক মো. শফিকুজ্জামান। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা ও সদর উপজেলার চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্যা, জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক ঝর্না হাসান, জেলা যুবলীগের আহ্বায়ক এ এইচ এম ফোয়াদ, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ হাসান রুবেলসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবিন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি বলেন, আত্মসমর্পণকারী চরমপন্থীরা যাতে সুপথে ফিরেন সরকার এক বছর পর আবারও পঞ্চাশ হাজার করে টাকা দিচ্ছে। আপনাদের আত্মকর্মসংস্থানে এলজিআরডি ও সমাজসেবা সহ বিভিন্ন মন্ত্রণালয় হতে সহায়তা করা হবে। বিনা জামানতে ব্যাংক হতে দুই লাখ টাকা ঋণ পাবেন। এই সুযোগ কাজে লাগিয়ে আপনারাই পারেন সরকারের উন্নয়ন কর্মকান্ডের অন্যতম যোদ্ধা হয়ে উঠতে।

সভাপতির বক্তব্যে ফরিদপুরের পুলিশ সুপার আলিমুজ্জামান বলেন, গত বছর পাবনায় ফরিদপুরের আত্মসমর্পণকারী সকলেই যে আলোর পথে ফিরেছেন বিষয়টি তেমন না। ফরিদপুরের একজন বর্তমানে কারাগারে এবং আরেকজন একটি নিয়মিত মামলায় পলাতক রয়েছেন। যারা আবার অন্ধকার জগতে ফিরে যাবেন তাদের পথচলা কঠিন হয়ে যাবে।

উল্লেখ্য,গত বছরের ৯ এপ্রিল পাবনার শহীদ আমীরউদ্দিন স্টেডিয়ামে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেন ৪৬৩ জন চরমপন্থি। সেসময় তাদের পুনর্বাসনের জন্য এক লাখ করে টাকা দেয়া হয় প্রধানমন্ত্রীর পক্ষ হতে। আত্মসমর্পণকারীদের মধ্যে ফরিদপুরের ২৫ জন ছিলেন। আজকের অনুষ্ঠানে এদের ২৩ জন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন


Copyright (c) 2019-2026 bzamin24.com