বাংলাদেশে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক এর নির্দেশক্রমে রাজবাড়ীতে ক্ষতিগ্রস্থ ১৫ শত দুস্থ ভিডিপি সদস্যদের মাঝে খাদ্য সহায়তা দিচ্ছে রাজবাড়ী জেলা আনসার ও ভিডিপি। দুরত্ব বজায় রেখে বাড়িতে বাড়িতে গিয়ে এবং রাজবাড়ী জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে পর্যায়ক্রমে ১৫শত দুস্থ ভিডিপি সদস্যদের মাঝে এই ত্রাণ সামগ্রী প্রদান করেন জেলা কমান্ড্যান্ট মো. রাশেদুজ্জামান। এ সময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা কুসুম কুমার রায়, উপজেলা প্রশিক্ষক খানে আলম খান, সদর উপজেলা প্রশিক্ষক মোছাম্মৎ সাহেদা খাতুন প্রমুখ।
সমগ্র বিশ্বের ন্যায় বাংলাদেশেও মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) আতঙ্ক বিরাজ করছে। জেলায় জেলায় চলছে লকডাউন। কাজ কর্ম রেখে ঘরে অবস্থান করছেন মানুষ। কিন্ত সাধারণ মানুষকে ঘরে রাখার জন্য প্রশাসনের সাথে সামনের কাতারে থেকে কাজ করছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। এই সাধারণ সদস্যদের পরিবারের কথা চিন্তা করে ত্রাণ সামগ্রী দেওয়া হয়। রাজবাড়ী জেলা কমান্ড্যান্ট মো. রাশেদুজ্জামান জানান, জেলার ৫টি উপজেলায় ৩০০ জন করে মোট ১৫০০ পরিবারের মধ্যে সামাজিক দুরত্ব বজায় রেখে বাড়িতে বাড়িতে এই ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, রাজবাড়ী জেলার ৫টি উপজেলায় ৪২টি ইউনিয়নের ৯৬৭টি গ্রামে এই বাহিনীর মোট স্বেচ্ছাসেবী ভিডিপি সদস্য-সদস্যার সংখ্যা ৫৪,৮৭০ জন। তাদের দিয়ে শুরুতে বাহিনীর মহাপরিচালক মহোদয়ের নির্দেশমতে করোনা ভাইরাস সম্পর্কে গ্রামে-মহল্লায়, পাড়া-পাড়ায় সচেতনতামূলক লিফলেট বিতরণ করি। বিদেশ ফেরত বিশেষ করে ইতালী, চীন থেকে প্রবাসীর বাড়িতে বাড়িতে প্রশাসনের সহায়তা লাল পতাকা টানিয়ে হোম কোরাইন্টাইনে থাকা নিশ্চিত করি।