ফরিদপুরের সালথা উপজেলায় দরিদ্র মানুষের মাঝে ফরিদপুর জেলা পরিষদের ত্রাণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা চত্বরে ১শ দরিদ্র পরিবারের মাঝে এ ত্রাণ হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার। এ সময় সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ হাসিব সরকার বাংলাদেশ জমিনকে বলেন, ফরিদপুর জেলা পরিষদ থেকে প্রাপ্ত ত্রান ১শ টি দরিদ্র পরিবারের মাঝে বিতরন করা হয়েছে।
এছাড়াও আমাদের কাছে সরকারি ত্রাণ মজুদ আছে। আগের মতই ছোট ছোট চায়ের দোকান, সেলুনসহ যাদের একমাত্র আয়ের পথ করোনা ভাইরাসের কারণে বন্ধ হয়ে গেছে। তাদের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছি। যদি কেউ বাদ পরে তাহলে উপজেলা প্রশাসন এবং ইউনিয়ন পরিষদে যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে। তিনি আরও বলেন, জরুরী প্রয়োজন ছাড়া কেউ বাড়ি থেকে বের হবেন না। এ সময় তিনি সকলকেই নিরাপদে থাকার অনুরোধ জানান।