ঠাকুরগাঁওয়ে আরও এক জন করোনা রোগী শনাক্ত


ঠাকুরগাঁওয়ের দুই উপজেলায় নতুন করে আরও দুইজনের শরীরে করোনা ভাইরাসের (কভিড-১৯) উপস্থিতি পাওয়ার একদিন পরেই আরও একজনের শরীরে করোনা পজেটিভ আসছে বলে জানিয়েছেন জেলার সিভিল সার্জন ডাঃ মাহ্ফুজার রহমান সরকার।

এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাড়াঁলো ৬-এ। আক্রান্ত ওই ব্যক্তি(২৮) জেলার রাণীশংকৈল উপজেলার বলে জানা গেছে।

শনিবার সন্ধ্যায় সিভিল সার্জন ডাঃ মাহ্ফুজার রহমান সরকার এ তথ্য নিশ্চিত করে বলেন, রংপুর মেডিক্যাল কলেজের ল্যাবে শনিবার বিকালে ওই ব্যক্তির নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়। আক্রান্ত ব্যক্তি ঢাকা ফেরত কিনা জানতে চাইলে সিভিল সার্জন বলেন, এ বিষয়ে আরো তথ্য উপাত্ত সংগ্রহ করতে জেলার সদর হাসপাতালের একটি মেডিকেলটিম ওই উপজেলা পাঠানো হয়েছে।

এদিকে গতকাল শুক্রবার (১৭এপ্রিল) ৭বছর বয়সী এক শিশু ও যুবকের শরীরে করোনা উপস্থিতি পাওয়া যায়। ওই দুই আক্রান্তদের একজনের বাড়ি হরিপুর মালিপাড়া চোরাঙ্গী গ্রামে ও অপরজনের বাড়ি রাণীশংকৈল উপজেলায় বলে জানায় স্বাস্থ্য বিভাগ ।

এর আগে যাদের দেহে করোনা ধরা পড়েছিল তাদের মধ্যে হরিপুরের ডাঙ্গীপাড়া গ্রামের একই পরিবারের দুজন এবং পীরগঞ্জ উপজেলার ভবানীপুর গ্রামের ১জন।

সিভিলসার্জন কার্যালয় সূত্র হতে জানা গেছে, শুরু থেকে এ পর্যন্ত ২শ ৭২ জনের নমুনা পাঠানো হয়। এদের মধ্যে ৬ জনের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। আক্রান্তদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. তোজাম্মেল হক বলেন আগের ৩ জন সুস্থের পথে।


Copyright (c) 2019-2026 bzamin24.com