বিরামপুরে কর্মহীন কার-মাইক্রো চালকদের যুবলীগ নেতার খাদ্যসামগ্রী প্রদান


 

দেশের করোনা ভাইরাস পরিস্থিতিতে গণপরিবহন সহ অন্যান্য যাত্রীবাহী পরিবহন বন্ধ থাকায় বেকার ও কর্মহীন হয়ে ঘরে বসে থাকা বিরামপুর উপজেলার কার-মাইক্রো চালকদের ব্যক্তিগত তহবিল হতে খাদ্যসামগ্রী প্রদান করেছেন দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মো. আলম হোসেন।

আজ মঙ্গলবার (৭ এপ্রিল) বিরামপুর কার-মাইক্রো স্ট্যান্ডে প্রায় এক’শ চালকের মাঝে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়। এসব খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, ডিম, লবণ, তেল, পেঁয়াজ, ঝাল ও সাবান। এ সময় উপস্থিত ছিলেন, কার-মাইক্রো চালক সমিতির সেক্রেটারী বদিউজ্জামান বদি, পরিবহন শ্রমিক ইউনিয়নের বিরামপুর স্ট্যান্ড কমিটির সাংগঠনিক সম্পাদক মুকুল সরকার, পরিবহন শ্রমিক নেতা বাবুল হোসেন, লাবু হোসেন প্রমুখ।

যুবলীগ নেতা আলম হোসেন জানান, বর্তমানে দেশে চলমান করোনা ভাইরাস পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী ও দেশনেত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে আমার সামর্থ্য অনুযায়ী ব্যক্তিগতভাবে এলাকার গরীব-দুঃখি ও কর্মহীন পরিবারগুলোকে খাদ্য সহায়তা দিয়ে আসছি।

তিনি আরও জানান, দেশের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমার সাধ্যমত এই কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি সমাজের বিত্তশালীদেরও তাদের সাধ্যমত দরিদ্র পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানান।


Copyright (c) 2019-2026 bzamin24.com