দেশের প্রথম কনটেইনমেন্ট ঘোষিত মাদারীপুরের শিবচরে ৯ম দিন শনিবার থেকে ২৬ শ পরিবারের মাঝে ২০ কেজি করে চাল বিতরণ শুরু হয়েছে। স্থানীয় সংসদ সদস্য চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর পক্ষ থেকে খাবার ও ওষুধ সহায়তা প্রদান অব্যাহত রয়েছে। এদিকে ২ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া ১০টাকা কেজি দরে চাল বিক্রি কার্যক্রম কঠোর নজরদারির দাবী উঠেছে শনিবার করোনা নিয়ে করনীয় নির্ধারনে প্রশাসন, জনপ্রতিনিধি ও নেতৃবৃন্দদের এক সভায়।
এদিকে খাবার সহায়তাগুলো স্থানীয় সংসদ সদস্য চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর নির্দেশে কয়েক স্তরের পর্যবেক্ষনের মধ্য দিয়ে স্বল্প আয়ের মানুষ ও হোম কোয়ারেন্টাইনে থাকাদের কাছে পৌছাচ্ছে বলে জানা গেছে।
জানা যায়, দেশের প্রথম কনটেইনমেন্ট ঘোষিত শিবচরের জনজীবন সীমিতকরনের ৯ম দিনেও দোকানপাট বন্ধসহ অচলাবস্থা বিরাজ করছে। শনিবার সকাল থেকে উপজেলার সকল ইউনিয়নে স্বল্প আয়ের মানুষ ও হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসী ২৬ শ পরিবারের মাঝে ২০ কেজি করে চাল বিতরন শুরু হয়েছে। স্থানীয় সংসদ সদস্য চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর উদ্যোগে খাদ্য ও ওষুধ সহায়তা অব্যাহত রয়েছে। এ পর্যন্ত শিবচর ৫ হাজার পরিবার খাদ্য ও ওষুধ সহায়তার অর্ন্তভূক্ত করা হয়েছে।
উপজেলার পাচ্চরে এদিন এ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি আঃ লতিফ মোল্লা। এসময় উপজেলা ও স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিটি ইউনিয়নে একই প্রক্রিয়ায় খাবার সহায়তা বিতরন চলছে।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি আঃ লতিফ মোল্লা বলেন, চীফ হুইপ মহোদয়ের নির্দেশে খাবার সহায়তা প্রদানে স্বচ্ছতা নিশ্চিতে উপজেলা ও স্থানীয় আওয়ামীলীগ নেতবৃন্দ, জনপ্রতিনিধি, কর্মকর্তাদের সম্পৃক্ত করা হয়েছে। কঠোর স্বচ্ছতার মধ্য দিয়ে খাবার সহায়তা কার্যক্রম চলছে।
চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী মুঠোফোনে বলেন, প্রশাসন,আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে খাবার সহায়তা কার্যক্রম চলছে। স্বল্প আয়ের মানুষ ও হোম কোয়ারেন্টাইনে থাকা প্রতিটি পরিবারের মাঝে খাবার পৌছে দেয়া হবে।