মাদারীপুরে জোড়া খুন : অভিযুক্তদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ


মাদারীপুরের রাজৈরে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষে আহত ২ জনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। খুনীদের অবিলম্বে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। আজ রবিবার দুপুর ১২টার দিকে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত ছিল।

এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়নের উত্তর হোসেনপুর গ্রামে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে গত বৃহষ্পতি ও শুক্রবার দেলোয়ার মেম্বার ও জামাল খালাসী গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এ সংঘর্ষে কমপক্ষে ১০ জন গুরুতর আহত হয়। আহতদের মধ্যে বাবুল মুন্সী (৩৫) ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুর ২ টার দিকে মারা যায়। বাবুল মুন্সীর লাশ ময়নাতদন্ত শেষে শনিবার দুপুরে নিজ বাড়ীতে দাফন করা হয়।

অপরদিকে আরেকজন গুরুতর আহত জুলফিকার আলী খালাসী (৫৫) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাত ১টার দিকে মারা যায়। জুলফিকার আলী খালাসীর লাশ ময়নাতদন্ত শেষে শনিবার রাতে তার নিজ বাড়িতে এসে পৌঁছায়। রবিবার বেলা ১১টার দিকে জানাজা শেষে নিজ বাড়িতে দাফন করা হয়। এর পরই এলাকাবাসী খুনিদের অবিলম্বে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল বের করে। এ সময় সহকারী পুলিশ সুপার (সার্কেল) আবির হাসানের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিল।

এ ব্যাপারে জামাল খালাসী জানান, আমরা কিছু বুঝে ওঠার আগেই দেলোয়ার মেম্বারের লোকজন শুক্রবার ফযরের নামাজের পর পরই আমাদের উপর অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় আমাদের পক্ষের বাবুল মুন্সী ও জুলফিকার খালাসী নিহত হয়েছে। আমি এর বিচার চাই।

অভিযুক্তরা পলাতক থাকায় তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

রাজৈর থানার ওসি খন্দকার শওকত জাহান জানান, এ ব্যাপারে এখনও থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


Copyright (c) 2019-2026 bzamin24.com