কানের দুলের জন্য শিশু হত্যা, রাজশাহীতে যুবকের যাবজ্জীবন


শিশু হত্যার দায়ে রাজশাহীতে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া লাশ গুম করার অপরাধে সাত বছর এবং কানের দুল চুরির অপরাধে আরও এক বছর কারাদণ্ড দেয়া হয়েছে। রাজশাহীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ এর বিচারক আবদুস সালাম মঙ্গলবার এ রায় দেন।

দণ্ডিত এই যুবকের নাম ফারুক হোসেন। রাজশাহীর মোহনপুর উপজেলার ঘোরসা মোল্লাপাড়া গ্রামে তার বাড়ি। ফারুকের বাবার নাম আইয়ুব আলী। নিহত শিশুর নাম সুইটি আক্তার বন্যা (৭)। তার বাবার নাম সমির উদ্দিন বিশু। একই গ্রামে তার বাড়ি। ২০১১ সালের ২৩ জুন তাকে খুন করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শরিফুল ইসলাম জানান, ঘটনার দিন সকালে শিশু বন্যা স্কুলে যাচ্ছিল। তখন ফারুক তাদের ফাঁকা বাড়িতে শিশুটিকে ডেকে নেয়। এরপর শ্বাসরোধে হত্যা করে। পরে তার কানের দুল খুলে নিয়ে লাশটি টয়লেটের সেপটিক ট্যাংকে ফেলে দেয়। এ ঘটনায় বন্যার বাবা ফারুকের বিরুদ্ধে থানায় মামলা করেন। আদালত মঙ্গলবার এই রায় ঘোষণা করেন।

আইনজীবী শরিফুল ইসলাম আরও জানান, হত্যাকাণ্ডের পর থেকে ফারুক জেলহাজতেই ছিলেন। মঙ্গলবার রায় ঘোষণা শেষে তাকে আবারও রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।


Copyright (c) 2019-2026 bzamin24.com