করোনার প্রকোপ কমলে প্রাথমিক বিদ্যালয় খোলা হবে। তখন ঝুঁকি কমাতে স্বাস্থ্যবিধি অনুসরণসহ শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় পালাক্রমে ক্লাস নেওয়ার নির্দেশনা দেয়া হয়েছে। একদিন এক শ্রেণিকে আনলে পরের দিন আরেক শ্রেণিকে আনতে হবে। জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম-আল-হোসেন।
আকরাম-আল-হোসেন বলেন, এখন পর্যন্ত স্কুল খোলার পরিবেশ তৈরি তৈরি হয়নি। গ্রামে, রুট লেভেলে যে স্কুলগুলো আছে সেখানে আমরা মনে করছি এখনও পরিবেশ তৈরি হয়নি।
সচিব বলেন, স্কুল খোলার আগে প্রত্যেকটি স্কুলের প্রধান শিক্ষক কোন কোন গাইডলাইন অনুসরণ করবেন আমরা সেটি জানিয়ে দিয়েছি। সেখানে আমরা বলেছি, স্কুলগুলো পরিষ্কার করতে হবে। হাত ধোয়ার ব্যবস্থা থাকতে হবে। নিরাপত্তার জন্য মাস্ক নিশ্চিত করতে হবে।
গণশিক্ষা সচিব বলেন, যেসব স্কুলে শিক্ষার্থীর সংখ্যা বেশি সেখানে শিফটিং করতে হবে। একদিন এক শ্রেণিকে আনলে পরের দিন আরেক শ্রেণিকে আনতে হবে। এসব বিষয় বিবেচনায় নিয়ে স্কুল খোলার পরিকল্পনা করবে। এ বিষয়ে প্রত্যেকটি স্কুলকে সহায়তা করবেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। সেটি তারা তদারকি করবেন।
তিনি বলেন, যখন আমরা মনে করব যে কভিড পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে, স্কুলগুলো খোলার মতো পরিবেশ সৃষ্টি হচ্ছে, তার আগেই আমাদের প্রধান শিক্ষকদের, কর্মকর্তাদের নির্দেশ দেব আপনারা এখন গাইডলাইন অনুসরণ করে স্কুলগুলো পরিস্কার-পরিচ্ছন্ন করে প্রস্তুতি গ্রহণ করুন।






মন্তব্য