আজ পবিত্র শবেবরাত

  • অনলাইন
  • শুক্রবার, ১৮ মার্চ ২০২২ ১০:০৩:০০
  • কপি লিঙ্ক

আজ শুক্রবার (১৮ মার্চ) দিনগত রাতে যথাযথ ধর্মীয় মর্যাদায় পবিত্র শবে বরাত পালিত হবে। দিনটি উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ দেশের বিভিন্ন মসজিদ ও মাদরাসায় ওয়াজ মাহফিল, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

মহিমান্বিত এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা পরম করুণাময়ের অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ আদায়, কোরআন তেলাওয়াত ও জিকিরে মগ্ন থাকবেন। অনেকে রোজা রাখেন ও দান-খয়রাত করেন।

অতীতের গুনাহ’র জন্য ক্ষমাপ্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে মোনাজাত করেন।

পবিত্র শবে বরাত উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ‘শবে বরাতের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। ওয়াজ মাহফিল শেষে বাদ এশা দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

সারা বিশ্বের মুসলিমরা হিজরি বর্ষের শাবান মাসের ১৪ তারিখ দিনগত রাতকে সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকেন। এই মর্যাদাপূর্ণ রাতে মহান আল্লাহ তায়ালা বান্দাদের জন্য তার অশেষ রহমতের দরজা খুলে দেন।

এদিকে পবিত্র শবে বরাতের রাতে বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকা, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (১৬ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

এতে বলা হয়, পবিত্র শবে বরাতের পবিত্রতা রক্ষার্থে এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শবে বরাত উদযাপন নিশ্চিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামী ১৮ মার্চ সন্ধ্যা ৬টা থেকে ১৯ মার্চ ভোর ৬টা পর্যন্ত বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকাবাজি, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য