বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের অবহেলায় স্বাস্থ্য খাতে চরম সংকট বিরাজ করছে।
শুক্রবার বেলা ১১টায় রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ও নার্সদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) প্রদানকালে তিনি এসব কথা বলেন।
জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উদ্যোগে পিপিই সরঞ্জাম প্রদান করা হচ্ছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আজ এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রিজভী।
এ সময় তিনি বলেন, সমস্ত দেশবাসী এখন বৈশ্বিক মহামারী করোনার ভয়ে ভীত এবং মারাত্মক সংকটের মধ্যে রয়েছে। পরীক্ষিতদের মধ্যে করোনা রোগী শনাক্তকরণের হার প্রতিদিনই আশঙ্কাজনকহারে বাড়ছে। ঢাকাসহ সারা দেশের ২০ জেলায় এখন পর্যন্ত করোনা ভাইরাসের থাবা লক্ষ্য করা গেছে। এই সংকট মোকাবেলায় আমাদের জাতীয় ঐক্য দরকার।
রিজভী বলেন, গণমাধ্যমের খবর অনুযায়ী– গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার) দেশের ১০ জেলায় করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন কমপক্ষে ১৫ জন। এমন হিসাব প্রায় প্রতিদিনের। সত্যিকারার্থে জনস্বাস্থ্য নিয়ে এ সরকার কিছুই করেনি। সরকারের মন্ত্রীদের মুখে দেশে উন্নয়নের জোয়ারের খবরে এতদিন দেশ ভেসে গেছে! তা হলে স্বাস্থ্য খাতের এত বেহাল দশা কেন? হাসপাতালে নেই কোনো আধুনিক সরঞ্জামাদি।
‘পরীক্ষা করতে নেই সামগ্রী, রোগ ডায়ালাইসিসের কোনো ব্যবস্থা নেই, তেমন কোনো আইসিইউ নেই, ১৭ কোটি মানুষের জন্য ভেন্টিলেটর আছে মাত্র ১৭০০। হাসপাতালে চিকিৎসক নেই, নার্স নেই। হাসপাতালে ঘুরতে ঘুরতে চিকিৎসা না পেয়ে মারা গেছে ঢাবি শিক্ষার্থীসহ অসংখ্য মানুষ। এমন পরিস্থিতিতে মানুষের বর্তমানে বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছে।’
বাংলাদেশ জমিন২৪/ এস.কে




.jpg)

মন্তব্য