করোনা ভাইরাসে সারাবিশ্বে মৃত বেড়ে ১১,৩৯৮

  • বিজমিন২৪ ডেস্ক:
  • শনিবার, ২১ মার্চ ২০২০ ১২:০০:০০
  • কপি লিঙ্ক

করোনা ভাইসে সারা বিশ্বে এ পর্যন্ত ১১ হাজার ৩৯৮ জন প্রাণ হারিয়েছে। শুধু ইতালিতেই এনিয়ে ৪ হাজার ৩২ জন মারা গেল। এর আগের দিন মৃত্যুর সংখ্যা ছিল ৩ হাজার ৪০৫ জন। খবর বিবিসি ও আল-জাজিরার।

করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে ১ হাজার ৩৬৭ জনের মৃত্যু হয়েছে। ভাইরাসটির উৎপত্তিস্থল চীনে এ পর্যন্ত মারা গেছে ৩ হাজার ২৫৫ জন। অন্যদিকে, চীনের বাইরে মারা গেছে ৮ হাজার ১৪৩ জন।

সবচেয়ে বেশি মারা গেছে ইউরোপের পর্যটনসমৃদ্ধ দেশ ইতালিতে। গোটা ইতালি এখন মৃত্যুপুরীতে পরিনত হয়েছে। দেশটির ৬ কোটি মানুষ এক অর্থে বন্দি জীবন-যাপন করছে।

করোনা ভাইরাস পুরো বিশ্বকেই যেন স্তব্ধ করে দিয়েছে। ইউরোপের অধিকাংশ দেশেই রাস্তা-ঘাট, অফিস-আদালত, শপিংমল-মার্কেট, রেস্তোরাঁ-বার সব কিছুই ফাঁকা।

জাঁকজকপূর্ণ শহরগুলো এখন পরিনত হয়েছে ভূতুড়ে নগরীতে, যুদ্ধকালীন জরুরি অবস্থা চলছে সেখানে। সবার মধ্যে ভয়, আতঙ্ক আর শঙ্কা।

ভাইরাসটির উৎপত্তিস্থল চীনের উহানে এ মহামারী প্রায় নিয়ন্ত্রণে চলে এসেছে। কিন্তু চীনের বাইরে ব্যাপক হারে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। বিশেষ করে ইউরোপের দেশগুলোতে।

এ ভাইরাসে বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় ৩০ হাজার ৯৩৮ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে এ ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৭৫ হাজার ৮৭১ জন।

এর মধ্যে ৯১ হাজার ৯১২ জন সুস্থ হয়েছে বাড়ি ফিরেছেন। এছাড়া চীনের বাইরে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯৪ হাজার ৮৬৩ জন।

 

মন্তব্য