চলমান আইপিএলকে সামনে রেখে নতুন স্কোয়াড তৈরি করেছিল পাঞ্জাব কিংস। যার ফল ভোগ করছে দলটি, প্রায় একযুগ পর আইপিএলের প্লে-অফে উঠেছে তারা। তবে এই সাফল্যের মাঝেই দেখা দিয়েছে বড় ধরনের সংকট-দলটির মালিকানা নিয়ে শুরু হয়েছে আইনি লড়াই।
ফ্র্যাঞ্চাইজির অন্যতম মালিক ও বলিউড তারকা প্রীতি জিনতা মামলা করেছেন দুই সহ-মালিক মোহিত বর্মন ও নেস ওয়াদিয়ার বিরুদ্ধে। ভারতের একাধিক গণমাধ্যম ও টাইমস নাউ এই তথ্য প্রকাশ করেছে। চণ্ডীগড় আদালতে এই মামলার শুনানি শুরু হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়েছে, মোহিত ও ওয়াদিয়া নিয়ম বহির্ভূতভাবে একটি বিশেষ সাধারণ সভা (ইজিএম) ডাকেন। প্রীতি দাবি করেছেন, ওই সভাটি কোম্পানি আইন ২০১৩-সহ একাধিক নিয়ম লঙ্ঘন করে ডাকা হয়েছে।
পাঞ্জাব কিংসের ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কেপিএইচ ড্রিম ক্রিকেট প্রাইভেট লিমিটেড-এর বোর্ডে তিন পরিচালক হলেন প্রীতি, মোহিত ও ওয়াদিয়া। গত ২১ এপ্রিল অনুষ্ঠিত ইজিএম-এর আগেই প্রীতি জানিয়ে দেন যে, তিনি সভার বৈধতা মানছেন না। তবুও তার আপত্তি অগ্রাহ্য করে সভাটি অনুষ্ঠিত হয়। প্রীতি সেই সভায় উপস্থিত ছিলেন ঠিকই, তবে পরে আইনি পদক্ষেপ গ্রহণ করেন।