আর্থিক সংকটে মিয়ানমারে অনুষ্ঠিত প্যারিস অলিম্পিক বাছাইপর্ব খেলতে দল পাঠাতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সংবাদ মাধ্যমে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন দাবি করেন, অর্থের অভাবে বাছাইপর্বে দল পাঠাতে পারেননি তারা।
এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলছেন, টাকার জন্য অলিম্পিক বাছাইপর্বে দল পাঠাতে না পারার বিষয়টি দেশের জন্য লজ্জাজনক।
শুক্রবার (৭ এপ্রিল) মিরপুর হোম অব ক্রিকেট শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে সফরের একমাত্র টেস্ট ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবি সভাপতি।
পাপনের মতে, আমার মনে হয়, সমস্যাটা আপনাদের (সংবাদ মাধ্যমের), আপনারা এত বাজে প্রশ্ন করলেন কেন! আপনারা (সালাউদ্দিনের কাছে) হিসাব চাচ্ছেন, টাকা কী করেছেন? এমন প্রশ্ন জিজ্ঞেস করলে তো উনার (সালাউদ্দিন) মাথা খারাপ হবে, এটা সবাই জানেন। এমন প্রশ্ন করেন কেন?
পাপন বলছেন, মাত্র ২০ লাখ টাকার জন্য (বাকি ফাণ্ড বাফুফের ছিল) অলিম্পিক বাছাইপর্বে নারী ফুটবল দল পাঠানো সম্ভব হয়নি। মাত্র ২০ লাখ টাকার জন্য মেয়েরা যেতে পারল না। এর চেয়ে দুঃখের কিছু হতে পারে না। মাননীয় প্রধানমন্ত্রী কী কষ্টটাই না পেয়েছেন। আপনাদের (সংবাদ মাধ্যম) চ্যানেলগুলোর মালিকের কাছে গিয়ে বললেই (টাকা) দিয়ে দিত। একজনের কাছে বলতে তো হবে।
পাপন জানালেন, বিশ্বাস করেন আমি কারো সঙ্গে কথা বলিনি, আমাদের প্লেয়াররা দিয়ে দিতো। খালি বলতো একবার। এ কী! এত গোপনে জিনিসটা রেখে, যে প্রসেসে করেছে; এটা খুব দুঃখজনক। আমাদের ক্রিকেট বোর্ডের চেয়ে ফুটবল বোর্ডে যে পরিচালকরা আছে, অবিশ্বাস্য। বিশ লাখ টাকা দিতে পারে না। প্রতিদিন এদের খরচই তো ২০ লাখ টাকা। আমার কাছে এটা খুব আশ্চর্য লাগে।
পাপন যোগ করেন, আমার মনে হয় অন্য কিছু আছে। আমি জানি না, এটা দুঃখজনক। দেশের জন্য এর চেয়ে বড় বদনাম হতে পারে না। আমরা বলছি দেশ এগিয়ে যাচ্ছে, অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে, সারা পৃথিবী মেনে নিচ্ছে। সে জায়গায় আমরা বলছি ২০ লাখ টাকার জন্য আমাদের দেশের মেয়েরা প্রি-অলিম্পিক খেলতে যেতে পারে না। এর চেয়ে লজ্জার বিষয় আর হয় না। এজন্য এই টপিক নিয়ে কথা বলতে চাই না। তাদের সঙ্গে কথা বলার কোনো প্রশ্নই আসে না।
বিসিবি বসের দাবি, সব জায়গাতেই সব রকমের জিনিস আছে। যেমন ধরেন ব্যাকগ্রাউন্ড। এখন সব ফুটবলার...ফুটবল ব্যাকগ্রাউন্ড মানেই কী নির্লজ্জ, বেহায়া, অহংকারী এটা বলা যাবে? তো? ব্যাকগ্রাউন্ডের সঙ্গে সম্পর্ক কী আমি জানি। এটা ব্যক্তির ব্যাপার। তবে আপনারা এসব প্রশ্ন না করাই ভালো।