গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর ও পলাশবাড়ী) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আজিজার রহমানকে রংপুর নগরী থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর মডার্ন মোড় এলাকায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করা হয়। পরে পুলিশ তাকে তাজহাট থানায় নিয়ে যায়।
তাজহাট থানা পুলিশ জানায়, শুক্রবার সারাদিন তিনি নগরীর মডার্ন মোড় এলাকায় রাস্তার পাশে শুয়ে ছিলেন। স্থানীয়রা প্রথমে তাকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তি মনে করলেও সন্ধ্যার দিকে সন্দেহ হলে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে ট্রাফিক পুলিশের মাধ্যমে খবর পেয়ে তাজহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। প্রাথমিকভাবে তার জ্ঞান ফিরিয়ে থানায় নেওয়া হয়।
এর আগে আজিজার রহমানের খোঁজ না পাওয়ায় শুক্রবার দুপুরে তার পরিবারের পক্ষ থেকে সাদুল্লাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
উদ্ধার হওয়া আজিজার রহমান পুলিশকে জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে তিনি ঢাকার গাবতলী বাস টার্মিনাল থেকে নিউ পিংকি পরিবহনের একটি বাসে গাইবান্ধার উদ্দেশ্যে রওনা দেন। যাত্রাপথে তার পাশের সিটে বসেছিলেন সাদুল্লাপুর উপজেলার এক ছাগল ব্যবসায়ী, নাম শাহীন। সিরাজগঞ্জে যাত্রাবিরতির সময় বাস থেকে নামলে শাহীন তাকে ডিম খাওয়ান। পরে বাসে উঠে চাদর মুড়িয়ে শুয়ে পড়েন তিনি। এরপর আর কিছু মনে নেই বলে জানান আজিজার রহমান।
তিনি আরও জানান, বর্তমানে তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। তবে নব্বইয়ের দশকে তিনি ভাতগ্রাম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া তিনি আগে ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।
উল্লেখ্য, গত ৩ জানুয়ারি গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে তার মনোনয়ন বাতিল করা হয়। পরে আপিল শুনানিতে তার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়। নির্বাচন কমিশন ভবনে আপিল শুনানি শেষে তিনি ঢাকা থেকে গাইবান্ধায় ফিরছিলেন।
তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, আজিজার রহমান সারাদিন মডার্ন মোড়ে শুয়ে ছিলেন। ট্রাফিক পুলিশ খবর দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করি। জ্ঞান ফেরার পর তিনি ঘটনার বর্ণনা দেন। সংশ্লিষ্ট ব্যক্তি শাহীনকে জিজ্ঞাসাবাদ করা হলে প্রকৃত ঘটনা জানা যাবে।
ওসি আরও জানান, আজিজার রহমান বর্তমানে সুস্থ আছেন। তার পরিবারের সদস্যরা থানায় এসেছেন। গাইবান্ধা থেকে পুলিশের একটি দল এলে তাকে তাদের কাছে হস্তান্তর করা হবে।