চীন-ভারত সংঘর্ষ: ভারত এখন বলছে তাদের ২০ জন সৈন্য নিহত হয়েছে


বিরোধপূর্ণ কাশ্মীর অঞ্চলের লাদাখ সীমান্তে ভারত ও চীনা সৈন্যদের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন ভারতীয় সৈন্য নিহত হয়েছে বলে ভারতীয় কর্মকর্তারা এখন স্বীকার করছেন।

এর আগে জানা গিয়েছিল তিন জন ভারতীয় সেনা নিহত হয়েছেন।

দুপক্ষ থেকেই মধ্যে হতাহতের দাবি করা হচ্ছিল।

কিন্তু মঙ্গলবার দিনের আরো পরের দিকে ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, সংঘর্ষে আহত বেশ কজন সেনা প্রাণত্যাগ করেছে।

চীনের তরফ থেকে এ ব্যাপারে এখনও কোন তথ্য জানা যায়নি।

ভারতীয় সেনাবাহিনীর আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়, ১৭ জন ভারতীয় সৈন্য প্রচন্ড ঠান্ডার মধ্যে ঘটা ওই সংঘর্ষে গুরুতর আহত হয়, এবং পরে মৃত্যুবরণ করে।

স্থানীয় সংবাদ মাধ্যমে বলা হয়, ভারতীয় সৈন্যদের পিটিয়ে হত্যা করা হয়, কিন্তু সামরিক বাহিনী এখবর নিশ্চিত করেনি।

অস্ত্র ব্যবহৃত হয়নি

গালওয়ান ভ্যালি, ভারত ও চীনের মধ্যে সংঘর্ষের অকুস্থল। তবে দু পক্ষই বলছে, এই সংঘর্ষে কোন আগ্নেয়াস্ত্র ব্যহার করা হয়নি।

ভারতের বার্তা সংস্থা এএনআই বলছে, ভারতীয়দের পাওয়া তথ্যে চীনের দিকে ৪৩ জন হতাহত হবার খবর জানা গেছে।

ভারতের প্রথম বিবৃতিতে চীনের দিকেও হতাহত হবার কথা বলা হয়েছিল তবে চীন এখন পর্যন্ত এরকম কিছু নিশ্চিত করেনি।

এএনআই বলছে, তাদের কিছু সূত্র জানিয়েছে যে হতাহতের সংখ্যা বাড়তে পারে।

অভিযোগের আঙ্গুল পরষ্পরের দিকে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করছে, গালওয়ান উপত্যকায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) মেনে চলার জন্য গত সপ্তাহে দুপক্ষের মধ্যে যে ঐকমত্য হয়েছিল চীন তা ভঙ্গ করেছে।

ভারতীয় বিবৃতিকে উদ্ধৃত করে বিবিসি জানাচ্ছে, চীনা পক্ষ একতরফাভাবে স্থিতাবস্থা পরিবর্তন করার চেষ্টা করলে এক সহিংস সংঘাত ঘটে।

চীন তাদের দিক থেকে কেউ হতাহত হবার কথা না বললেও ভারতের বিরুদ্ধে সীমান্ত পার হয়ে চীনা অংশে ঢুকে পড়ার অভিযোগ আনে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, ভারত সোমবার দুদফায় সীমান্ত লংঘন করে, উস্কানি দেয় এবং চীনের সৈন্যদের আক্রমণ করে। এর ফলে দুদেশের সীমান্ত রক্ষীদের মধ্যে হাতাহাতি হয়।

দুদেশের সমারিক বাহিনীর মধ্যে সর্বশেষ প্রাণঘাতী সংঘাত হয়েছিল ১৯৭৫ সালে। সে সময় অরুণাচল প্রদেশে ভারত-চীন সীমান্তের খুব কাছে চীনা বাহিনীর চালানো এক হামলায় ভারতের আসাম রাইফেলসের চারজন জওয়ান নিহত হয়।

মঙ্গলবার আগের দিকে একজন কর্নেল পদমর্যাদার কর্মকর্তা ও দুজন সেনা জওয়ান নিহত হন বলে ভারতীয় সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছিল।

অন্যদিকে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি টুইট করেছে, বেইজিং অভিযোগ করেছে যে ভারত সীমান্ত অতিক্রম করে চীনা বাহিনীর সদস্যদের ওপর আক্রমণ চালিয়েছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ানকে উদ্ধৃত করে জানানো হয়েছে, চীনের অভিযোগ সোমবার ভারত দুই দফা সীমান্ত অতিক্রম করে চীনের সৈন্যদের উস্কানি দিয়েছে এবং তাদের ওপর হামলা চালিয়েছে, যার ফলস্বরুপ এই প্রাণঘাতী সংঘর্ষ ঘটেছে।

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন


Copyright (c) 2019-2026 bzamin24.com