ডিপজলের জন্য ২৫ লাখ টাকার খাট! 


তারকাশিল্পীদের অসংখ্য ভক্ত থাকে। এদের মধ্যে কিছু থাকে পাগল ভক্ত। তাদেরই একজন ব্রাহ্মণবাড়িয়ার ফার্নিচার ব্যবসায়ী দুলাল মিয়া। তিনি ঢাকাই সিনেমার খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের অন্ধ ভক্ত। প্রিয় শিল্পীকে ভালোবেসে মামা বলেও ডাকেন দুলাল। আর তার জন্য ২৫ লাখ টাকা খরচ করে তৈরি করেছেন রাজকীয় একটি খাট।

দুলালের ইচ্ছে, তার বানানো খাটটি তিনি উপহার দিতে চান প্রিয় শিল্পীকে। ডিপজলের এই পাগল ভক্তের খাট তৈরির খবর ব্রাহ্মণবাড়িয়ার ছড়িয়ে পড়লে উৎসুক মানুষ তার দোকানে ভিড় জমাচ্ছে। প্রতিদিন অসংখ্য উৎসুক মানুষ রাজকীয় এই খাটটি দেখার জন্য আসছে।

ফার্নিচার ব্যবসায়ী দুলাল মিয়া জানান, ২০০৮ সালে মনোয়ার হোসেন ডিপজল অভিনীত দাদীমা সিনেমা দেখার পর তার অন্ধ ভক্ত বনে যান তিনি। এরপর থেকে এই অভিনেতার প্রতিটি সিনেমাই তিনি দেখেছেন। আর ভালোবেসে তিনি ডিপজলকে মামা নামে ডাকেন।

তিনি আরও জানান, ডিপজলের প্রতি ভালোবাসা থেকেই রাজকীয় খাটটি তৈরি করেছেন তিনি। তাজমহলের ডিজাইনের এই খাটটি তৈরি করতে তার সময় লেগেছে দীর্ঘ ৩ বছর ৮ মাস। আর খাটটির দৈর্ঘ্য সাড়ে ৮ ফুট ও প্রস্থ সাড়ে ৬ ফুট। এটি তৈরি হয়েছে আসল আকাশি কাঠ ব্যবহার করে। এছাড়াও নকশায় ব্যবহার করা হয়েছে ৩৮৭টি গোলাপ ফুলের ডিজাইন ও বিভিন্ন অংশ সংযোগ করতে ব্যবহার হয় ৮০টি নাট।


Copyright (c) 2019-2026 bzamin24.com