জয়পুরহাটে হত্যা মামলায় দুই জনের ফাঁসি


জয়পুরহাটে সবুজ আলী নামে এক যুবককে হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া তাদের ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

বুধবার (২৬ জুলাই) দুপুরে অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার আলতাফ নগর গ্রামের কাদের বেপারির ছেলে কাফি ও মৃত শওকত আলীর ছেলে সাদিকুল ইসলাম।

মামলার বিবরণ সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ১ আগস্ট রাতে জয়পুরহাট সদর উপজেলার খঞ্জনপুর এলাকায় আসামিরা সবুজ আলী নামে এক যুবককে গলায় কাঁচা পাটের আঁশ পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে ফেলে রেখে যায়। পরের দিন সকালে বেড়িবাঁধের নিচের একটি পাটখেত থেকে তার মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।

এ ঘটনায় সদর থানা পুলিশের তৎকালীন উপপরিদর্শক (এসআই) কাইয়ুম আলী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেন। এ মামলার দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত আজ এ রায় দেন।

জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।


Copyright (c) 2019-2026 bzamin24.com