সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে নারী শ্রমিক পাঠানোর ক্ষেত্রে সরকারকে আরো সতর্ক হওয়ার জন্য পরামর্শ দিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে নারী পাচার বন্ধ ও পাঠানো নারী শ্রমিকদের নির্যাতন বন্ধে ৮ দফা সুপারিশ তৈরি করেছে কমিশন। এসব সুপারিশ ১৫ জুন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো হয়েছে। এর অনুলিপি মন্ত্রী পরিষদ সচিবসহ সরকারের বিভিন্ন দপ্তরে দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।
সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো ওই সুপারিশের সঙ্গে সৌদি আরবে নির্যাতনে আবিরনের মৃত্যুর ঘটনায় পৃথক ৮ দফা সুপারিশ করা হয়েছে। এতে আবিরনকে পাঠানোর সঙ্গে জড়িত রিক্রুটিং এজেন্সিসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া, আবিরনের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়েছে।
আবিরনের মৃত্যুর ঘটনায় কমিশনের অবৈতনিক সদস্য ড. নমিতা হালদারকে প্রধান করে গতবছর একটি তদন্ত কমিটি গঠন করে কমিশন। তদন্ত শেষে কমিটি কমিশনে একটি প্রতিবেদন দাখিল করে। এই প্রতিবেদনে উল্লেখিত সুপারিশ করা হয়, যা সরকারের সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।
সুপারিশে বলা হয়েছে-
(১) মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিশেষভাবে সৌদি আরবে নারী গৃহকর্মী নিগ্রহ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। ভাষা দুর্বলতাকে এর একটি অন্যতম কারণ বলা হয়ে থাকে। তাই গৃহকর্মী হিসাবে বিদেশ গমনেচ্ছু নারী কর্মীকে সংশ্লিষ্ট ভাষা পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ভবনে কঠোরভাবে মনিটরিংয়ের মাধ্যমে সম্পন্ন করা প্রয়োজন। রিটার্নি গৃহকর্মীদের দ্বারা পরীক্ষা অনুষ্ঠিত হলে তার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে।
(২) রিক্রুটিং লাইসেন্স ভাড়া দেওয়ার বিরুদ্ধে কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। (৩) প্রত্যেক গৃহকর্মীর স্বাস্থ্য পরীক্ষা যথাযথভাবে সম্পন্ন করা প্রয়োজন। (৪) রিক্রুটিং এজেন্সি নয় বরং সীমিত আকারে দক্ষ নারী শ্রমিক সরাসরি সরকারি ভাবে (জি টু জি পদ্ধতিতে) প্রেরণ করা যায়। (৫) বিদেশে স্পন্সর এর অধীনে থাকাকালীন যেকোন দুর্ঘটনা, মারধর, ধর্ষণ, হয়রানির যথাযথ বিচার চাওয়া এবং পাওয়ার অধিকার আদায়ে মামলা পরিচালনায় দূতাবাসের প্রত্যক্ষ সহযোগিতা প্রয়োজন। (৬) স্থানীয়ভাবে আইন সহকারী নিয়োগের জন্য বাজেটে অর্থ বরাদ্দ রাখা প্রয়োজন।
(৭) বিএমইটির ডাটাবেজে বিদেশগামী সকল কর্মীর তথ্য সংরক্ষিত রাখতে হবে। যিনি ডাটা এন্ট্রি করবেন তাকে পাসওয়ার্ড দিয়ে লগ ইন এবং আউট এর বিধান থাকতে হবে। (৮) অভিবাসী কর্মী গ্রহণকারী দেশসমূহের মানবাধিকার কমিশনের সঙ্গে বাংলাদেশের জাতীয় মানবাধিকার কমিশন পর্যায়ক্রমে দ্বিপাক্ষিক আলোচনা শুরু করতে পারে।
উল্লেখ্য, ২০১৭ সালের মাঝামাঝি সময়ে খুলনার পাইকগাছা উপজেলার রামনগর গ্রামের আনছার সরদারের মেয়ে আবিরন সৌদি আরবে গৃহকর্মীর কাজ করতে যান। কিন্তু সেখানে নির্যাতনে গতবছর ২৪ মার্চ মারা যান তিনি। তার মরদেহ সাত মাস ধরে রিয়াদের একটি হাসপাতালে পড়ে ছিল। এরপর সরকার তার লাশ দেশে ফিরিয়ে আনে।
এ ঘটনায় পত্রিকায় সংবাদ প্রকাশের পর কমিশন তদন্ত কমিটি গঠন করে। কমিটি খুলনায় আবিরনের বাড়ি যেয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে। এ ছাড়াও দালাল, রিক্রুটিং এজেন্সীসহ সংশ্লিষ্টদের জবানবন্দি গ্রহণ করে। এর ভিত্তিতে প্রতিবেদন তৈরি করে।
বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন