রাজধানীর হাতিরঝিলের চলন্ত সিএনজি অটোরিকশার সামনের চাকা ভেঙে উল্টে গিয়ে আশরাফ হোসাইন (৪০) নামে এক চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দুই যাত্রী আহত হয়েছেন।
আজ সোমবার বিকেল আনুমানিক ৪টার দিকে দুই যাত্রীসহ যাওয়ার সময়ে মাই টিভির সামনের রাস্তায় সিএনজি অটোরিকশার সামনের চাকা ভেঙে গিয়ে উল্টে গেলে চালকসহ দুই যাত্রী আহত হন। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় পথচারী মাসুম রহমান ও মুজাহিদুল চালক আশরাফকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর সন্ধ্যা পৌনে ছয়টায় মৃত ঘোষণা করেন।
মাসুম রহমান ও মুজাহিদুল জানান, আহত দুই যাত্রীর শরীরের বিভিন্ন স্থানে কেটে রক্তাক্ত হলেও অবস্থা গুরুতর নয়। তারা স্থানীয় কোথাও গিয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবিহিত করা হয়েছে।
ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার তোফাজ্জল হোসেনের ছেলে আশরাফ।