অফিস খুললেও রাজধানীতে ফেরেনি কর্মচাঞ্চল্য


টানা পাঁচ দিন বন্ধ থাকার পর আজ খুলেছে সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক-বিমা ও আদালত। কিন্তু কেউ কেউ বাড়তি ছুটি নেওয়ায় প্রথম কার্যদিবসে অফিসে আসেননি তারা। অনেকে অফিসে এলেও ঈদের কোলাকুলি, কুশল বিনিময় ও খোশগল্পে ব্যস্ত। তাই, অফিস খুললেও ফেরেনি কর্মচাঞ্চল্য।

রোববার (২ জুলাই) সকালে রাজধানীর বিভিন্ন অফিস, ব্যাংক ঘুরে এ চিত্র দেখা যায়।

বিভিন্ন ব্যাংক ঘুরে দেখা গেছে, ঈদের পর প্রথম কর্মদিবস হওয়ায় ব্যাংকে গ্রাহক উপস্থিতি খুবই কম। বিভিন্ন শাখায় দু-একজন করে গ্রাহক আসছেন। গ্রাহক উপস্থিতি কম হওয়ায় কর্মকর্তারা একে অন্যের সঙ্গে কুশল বিনিময় করছেন।

রাজধানীতে গত দুই দিনের তুলনায় গাড়ি চলাচল বাড়লেও চিরচেনা রূপে ফেরেনি এখনও। তবে, ঢাকাতে কর্মচাঞ্চল্য পুরোপুরি ফিরতে এই সপ্তাহ পুরোটা লেগে যাবে বলে মনে করা হচ্ছে।

এবার ঈদুল আজহা উপলক্ষে ২৮, ২৯ ও ৩০ জুন (বুধ, বৃহস্পতি ও শুক্রবার) ছুটি নির্ধারিত ছিল। তবে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সুপারিশ অনুযায়ী একদিন ছুটি বাড়িয়ে ২৭ জুনও (মঙ্গলবার) সাধারণ ছুটি ঘোষণা করে সরকার।

এরপর ১ জুলাই শনিবার সাপ্তাহিক ছুটি। তাই এবার ২৭ জুন থেকে ১ জুলাই পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি পেয়েছেন সরকারি চাকরিজীবীরা।

বৃহস্পতিবার (২৯ জুন) দেশে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে।

ঈদের আনন্দ ভাগাভাগি করতে নাড়ির টানে রাজধানী ছেড়েছেন লাখ লাখ মানুষ।


Copyright (c) 2019-2026 bzamin24.com