রাজধানীর জাফরাবাদে সাংবাদিকের ওপর সশস্ত্র হামলা


রাজধানীর মোহাম্মদপুরে জাফরাবাদ উচ্চ বিদ্যালয়ে এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে সিকদার মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। সকাল সাড়ে ১১টার দিকে নির্বাচনের দায়িত্ব পালন করতে গিয়ে তিনি হামলার শিকার হন।

আহত সাংবাদিক মোস্তাফিজুর রহমান সুমন অনলাইন নিউজ পোর্টাল আগামী নিউজে কর্মরত। দুপুর ১২টা নাগাদ আহত সুমনকে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জরুরি বিভাগে তাকে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে সিটি স্ক্যান করাতে বলেছেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মোহাম্মদপুরের জাফরাবাদে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মোস্তাফিজুর রহমান সুমন। তাকে ঢাকা মেডিক্যালে নিয়ে আসা হয়েছে। জরুরি বিভাগে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জাফরাবাদের এই কেন্দ্রটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩৪ নম্বর ওয়ার্ডে পড়েছে। এই ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন খোকন। অন্যদিকে বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে রয়েছেন সংসদ সদস্য সাদেক খানের ভাতিজা রাজেশ খান।

কাউন্সিলর প্রার্থী খোকনের (টিফিন ক্যারিয়ার প্রতীক) সমর্থকরা অস্ত্র নিয়ে ঘুরছিল। সেই ছবি তুলছিল মোস্তাফিজ। এটি দেখামাত্র ওই অস্ত্র দিয়েই তার মাথায় আঘাত করা হয়। এরপর সে মাটিতে লুটিয়ে পড়ে।


Copyright (c) 2019-2026 bzamin24.com