শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ -এই অঙ্গীকারাবদ্ধ হয়ে দিনাজপুরের বিরামপুর উপজেলার খাঁনপুর ইউনিয়নের রতনপুর বাজারে উপকারভোগীদের মাঝে ১০ টাকা কেজি দরের ভিজিএফর চাল বিতরণ করা হয়েছে।
আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত রতনপুর বাজারের মেসার্স মুরাদ ট্রেডার্সে জনপ্রতি ৩০ কেজি হারে ৫৫০ টি কার্ডের উপকারভোগীর মাঝে ভিজিএফ চাল বিতরণ এর উদ্বোধন করা হয়।
এসময় খাঁনপুর ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক দীঘল মাস্টার, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আজিজুল ইসলাম, যুগ্মসাধারণ সম্পাদক ও ডিলার মুরাদ হোসেন, স্থানীয় মেম্বারগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
ডিলার মুরাদ হোসেন জানান, দিনাজপুর-৬ আসনের তারুণ্যের অহংকার জননেতা এমপি শিবলী সাদিকের মহোদয়ের নির্দেশনায় সুষ্ঠুভাবে এই চাল বন্টন করা হয়েছে। তিনি আরো জানান, বালতি দিয়ে খোলা চাল মেপে দিলে ওজনে কম হওয়ার সম্ভাবনা থাকে এবং অনেক সময় ব্যয় হয়। তাই খাদ্য গুদাম থেকে সরবরাহকৃত ৩০ কেজির প্যাকেটজাত বস্তা উপকারভোগীদের মাঝে দেওয়া হচ্ছে। এতে চাল কমতি হওয়ার কোনো সুযোগ নেই।
খাঁনপুর ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে চাল বিতরণে যাতে কোনো রকমের দুর্নীতি না হয় সেদিকে আমাদের সর্বদা নজর রয়েছে।